কক্সবাজার, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-৪ আসনে বিএনপির সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হয়েছে।
সোমবার কক্সবাজারের ফৌজদারী আদালত-২ এ মামলাটি দায়ের করেন টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়ার মুহাম্মদ ইলিয়াছ। আদালতের ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার অন্য অভিযুক্তরা হলেন শাহজাহান চৌধুরীর দুই ভাই রাজা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ কামাল চৌধুরী ও সরওয়ার জাহান চৌধুরী, শাহাদত হোসেন, রমজান আলী ও জসীম উদ্দিন।
মামলার অভিযোগে বলা হয়, বিগত চারদলীয় জোট সরকারের আমলে শাহজাহান চৌধুরীসহ অন্য অভিযুক্তরা প্রকাশ্য নিলামে ৯৫ হাজার টাকায় টেকনাফ পৌরসভার দুটি শুটকি মহাল বাদীকে ভাড়া দেন। কিন্তু ভাড়ার টাকা বুঝে নেওয়ার পরও মহালগুলো বাদীকে বুঝিয়ে দেননি তারা। বরং বাদীকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২১৮ ঘ.
bdnews24