চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীতে সোমবার দুপুরে ছিনতাইকারীল হামলায় দুজন আহত হয়েছেন।
মেডিকেল পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর ফয়'স লেকের সামনে একদল ছিনতাইকারী সিএনজি অটোরিকশার আরোহী মোটর পার্টস ব্যবসায়ী মো. মহিউদ্দিনকে গুলি করে ১ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হাতে গুলিবিদ্ধ মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জহির আহমদ জানান, গুলিবিদ্ধ মহিউদ্দিন রাস্তায় পড়ে গেলে ছিনতাইকারীরা টাকা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে, কাজীর দেউড়ি মোড়ে ভিআইপি টাওয়ারের সামনে চার/পাঁচ জন ছিনতাইকারীর হামলায় স্থানীয় দৈনিক পূর্বকোণের ফটো সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জুর স্ত্রী সীমা আলমের ডান হাত ভেঙে গেছে। তাকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঞ্জুরুল আলম মঞ্জু জানান, দুপুর ১টার দিকে সীমা আলম তার ছেলেকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দেয়। তিনি রিকশা থেকে পড়ে গেলে ছিনতাকারীরা রড দিয়ে তার ডান হাতে আঘাত করে ভ্যানিটি ব্যাগ, গলার চেন এবং নগদ সাতশ টাকা নিয়ে পালিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এসএনডি/২০০৬ ঘ.
bdnews24