২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবিনাকে ইমিউনোথেরাপি দেওয়া হয়েছে

ক্যান্সার আক্রান্ত শিল্পী সাবিনা ইয়াসমিনকে রোববার ইমিনোথেরাপি দেওয়া হয়েছে। আগের দিন তাকে কেমোথেরাপি দেওয়া শুরু করার কথা থাকলেও জ্বরের কারণে তা সম্ভব হয়নি। ইমিউনোথেরাপি দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করছেন বলে হাসপাতালের এক কর্মকর্তা জানান। সাবিনা ইয়াসমিন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এক মাস ধরে চিকিৎসাধীন। একজন চিকিৎসক জানিয়েছেন, তিনি নন হজকিনস লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্যান্সার আক্রান্ত শিল্পী সাবিনা ইয়াসমিনকে রোববার ইমিনোথেরাপি দেওয়া হয়েছে। আগের দিন তাকে কেমোথেরাপি দেওয়া শুরু করার কথা থাকলেও জ্বরের কারণে তা সম্ভব হয়নি। ইমিউনোথেরাপি দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করছেন বলে হাসপাতালের এক কর্মকর্তা জানান। সাবিনা ইয়াসমিন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এক মাস ধরে চিকিৎসাধীন। একজন চিকিৎসক জানিয়েছেন, তিনি নন হজকিনস লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত। শনিবার প্রথম কেমোথেরাপি দেওয়ার কথা থাকলে হঠাৎ করে তার শরীরের তাপমাত্রা আবার বেড়ে যায়। তার লিভারও ঠিকমতো কাজ করছিল না। তাই চিকিৎসকরা তাকে কেমো দেওয়ার মতো শারীরিক অবস্থা ফিরিয়ে আনতে ইমিউনোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের উদ্ধৃত করে ল্যাবএইড কর্মকর্তা আল ইমরান চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে রোববার বলেন, এখন তার শরীরের তাপমাত্রাও স্বাভাবিক রয়েছে। চিকিৎসকরা আশা করছেন দুই একদিনের ভেতর কেমোথেরাপি দেওয়া সম্ভব হবে। রোববার তাকে দেখতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, শাকিলা জাফর, উপস্থাপক হানিফ সংকেতসহ অনেকে হাসপাতালে যান। সাবিনাকে দেখার পর শাকিলা জাফর বলেন, "তার মানসিক দৃঢ়তা অনেক বেশি। ওনাকে দেখে মনেই হচ্ছে না যে উনি অসুস্থ। আগের তুলনায় আজ তিনি অনেক বেশি প্রাণোচ্ছ্বল ছিলেন।" মেডিসিন বিশেষজ্ঞ সিরাজুল হক ও মোফাজ্জল হোসেন, সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক খাদেমুল ইসলাম, অধ্যাপক খাজা নাজিমুদ্দিন এর সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর চিকিৎসা করছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, শরীরে জ্বর নিয়ে জুন মাসের ১২ তারিখ সাবিনা ইয়াসমিন হাসপাতালে ভর্তি হন। তখন তিনি দ্রুত ওজন হারাচ্ছিলেন। চিকিৎসকরা তার জ্বরের কারণ নির্ণয় করতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষায় তার প্লীহাতে সিস্ট এর অস্তিত্ব ধরা পরে। অস্ত্রোপচার করে সিস্ট অপসারণ করে সিস্টের বায়োপসি করা হয়। বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত হতে সুইজারল্যান্ডের একটি হাসপাতাল থেকেও বায়োপসি করানো হয়। সেখানেও একই ফলাফল পাওয়া যায়। আল ইমরান জানান, সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসেও ভুগছেন। তিনি বলেন, "ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় চিকিৎসকরা আশা করছেন কেমোথেরাপি নিলে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা অনেক। তাকে সর্বমোট ৬ বার কেমোথেরাপি দিতে হতে পারে। প্রতিটি কেমোথেরাপি দেড় লাখ টাকা করে খরচ হবে প্রায় নয় লাখ টাকা। দেশেই এই চিকিৎসা সম্ভব।" সাবিনা ইয়াসমিনের ভাগ্নে কন্ঠশিল্পী খান আশিকুর রহমান আগুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপাতত তাকে বিদেশ নিয়ে যাওয়ার কোন পরিকল্পনা আমাদের নেই। আগামী এক সপ্তাহে তার শারীরিক অবস্থার পরিবর্তন সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নেব তাকে দেশেই রাখা হবে নাকি বিদেশ নেওয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএন/ওএস/এসবিটি/জিএনএ/এমএইচবি/ ২০০৫ ঘ.