২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাবিতে শ্রীমঙ্গলে কৃষক বিক্ষোভ

সারের দাবিতে রোববার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভবনের সামনে বিক্ষোভ করেছে কয়েকশ কৃষক। ওই সময় পুলিশ এসে কৃষকদের থামায়। পরে কৃষকরা সহকারী কমিশনার(ভূমি) ফারুক আহমেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা জহরলাল মজুমদারের কাছে তাদের অভিযোগের কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 11:35 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

মৌলভীবাজার, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েনিটফোর ডটকম)- সারের দাবিতে রোববার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভবনের সামনে বিক্ষোভ করেছে কয়েকশ কৃষক। ওই সময় পুলিশ এসে কৃষকদের থামায়। পরে কৃষকরা সহকারী কমিশনার(ভূমি) ফারুক আহমেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা জহরলাল মজুমদারের কাছে তাদের অভিযোগের কথা জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ওই সময় দাপ্তরিক কাজে জেলা সদরে ছিলেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়। শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ সদস্য মনির আহমেদ জানান, শহরের নতুন বাজার এলাকায় ডিলার জননী এন্টারপ্রাইজের সামনে দীর্ঘ সময় থেকেও সার না পেয়ে কৃষকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে উপজেলা পরিষদ ভবনে রওনা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক অভিযোগ করেন, পর্যাপ্ত সার থাকার পরও ডিলার তাদের সার সরবরাহ করেনি। লেবু ও আনারস চাষীদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ না থাকায় তারা আউশ ধান আবাদের জন্য বরাদ্দ করা সার নিয়ে যাচ্ছে। ফলে চাহিদা মতো সার পাচ্ছে না আউশ চাষীরা। এদিকে কৃষকদের অভিযোগ অস্বীকার করে জননী এন্টারপ্রাইজের মালিক অনুকূল চন্দ্র দাশ বলেন, "গত ৬ জুলাই আমি ১০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ পাই। পরদিন পাই ৬ মেট্রিক টন এবং আজ (রোববার) পাই ৪ মেট্রিক টন সার। প্রায় সবই কৃষকদের মাঝে বণ্টন করা হয়েছে। শুধু চার বস্তা গুদামে মজুদ রয়েছে।" শ্রীমঙ্গল উপজেলায় সার সঙ্কট নেই বলে সাংবাদিকদের কাছে দাবি করেন কৃষি কর্মকর্তা জহরলাল মজুমদার। তিনি জানান, উপজেলার জন্য জুলাই মাসে ৯০ মেট্রিক টন সার বরাদ্দ হয়েছে। শনিবার পর্যন্ত কৃষকদের কাছে বিতরণ করা হয়েছে ৪৩ টন। সোমবার ডিলারদের আরও ৩০ মেট্রিক টন সার দেওয়া হবে। মৌলভীবাজার থেকে ফিরে রোববার সন্ধ্যায় ইউএনও সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, উপজেলায় সার সঙ্কট নেই। পর্যাপ্ত বরাদ্দই পাওয়া যাচ্ছে। আনারস ও লেবুচাষীদের জন্য আলাদাভাবে অতিরিক্ত সার বরাদ্দ চাওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৭ ঘ.