মুন্সীগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দুর্নীতির অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের দায়ের করা তিনটি মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে রোববার দুপুরে মুন্সীগঞ্জের এক নম্বর আমলি আদালতে হাজির করা হয়েছে।
আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান আগামী ২২ জুলাই ওই তিন মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।
দুপুর পৌণে দুইটার দিকে একটি মাইক্রোবাসে করে নাজমুল হুদাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুন্সীগঞ্জে আনা হয়। তবে তার পক্ষে আদালতে কেউ জামিনের আবেদন না করায় শুনানি ছাড়াই তাকে আদালতে হাজির দেখিয়ে পুনরায় কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মুন্সীগঞ্জ আদালত পরিদর্শক ওমর ফারুক জানান, ১৬ কোটি ৬০ লাখ টাকার দুর্নীতির অভিযোগে ১০ জুন মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়ার আহমেদ নাজমুল হুদার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেন। পরদিনই আরও চার কোটি ৫৩ লাখ টাকা দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করেন সড়ক ও জনপথ বিভাগের শ্রীনগর অঞ্চলের সাবেক উপ সহকারী প্রকৌশলী তৈয়বুর রহমান। পরবর্তীকালে একই বিভাগের ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান চার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনে নাজমুল হুদার বিরুদ্ধে তৃতীয় মামলাটি দায়ের করেন।
ওমর ফারুক আরও জানান, তিনটি মামলার তদন্ত এবং অভিযোগপত্র তৈরির কাজ চলছে।
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে গত ৩ ফেব্র"য়ারি রাতে যৌথবাহিনী গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬২৭ ঘ.
bdnews24