ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ শুরুর লক্ষ্যে কলকাতা থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করা মৈত্রী ট্রেনটি ঢাকা পৌঁছেছে। ৩২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল নিয়ে রোববার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসে।
কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে সকাল ১১টা ৭ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা পৌঁছে। সেখানে যাত্রা বিরতি দিয়ে ঈশ্বরদী হয়ে যমুনা সেতু পাড়ি দিয়ে ঢাকার পথে চলে বিশেষ এ ট্রেন। দর্শনা থেকে ছাড়ার আট ঘণ্টা ১০ মিনিট পর ট্রেনটি ঢাকা পৌঁছে বলে ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক কামরান রেজা চৌধুরী জানান।
ঢাকা-কলকাতা সরাসরি রেল যোগাযোগ চালুর বিষয়ে অমীমাংসিত বিষয়গুলো চূড়ান্ত করার লক্ষ্যেই ভারতীয় প্রতিনিধি দলের এ ঢাকা আসা। আগামী ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত দুই দেশের অতিরিক্ত সচিব পর্যায়ে বৈঠক হবে। সীমান্তে কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা এবং সপ্তাহে কয়টি ট্রেন যাতায়াত করবে এসব বিষয় নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।
ভারতীয় এ ট্রেন বিকাল ৪টার দিকে যমুনা সেতু অতিক্রম করে বলে জানান আমাদের টাঙ্গাইল প্রতিনিধি। তিনি জানান, ৩টা ৪০ মিনিটে ট্রেনটি সিরাজগঞ্জ হয়ে যমুনা সেতুর ওপর ওঠে। ৪টা ১০ মিনিটে এটি যমুনা সেতু পাড়ি দিয়ে টাঙ্গাইল স্টেশন হয়ে ঢাকার উদ্দেশে চলছিল বলে জানান টাঙ্গাইল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্বাস উদ্দিন।
এর আগে ট্রেনটি দুপুর ১টা ৫৫ মিনিটে পাবনার ঈশ্বরদী পৌঁছে। সেখানে পাঁচ মিনিট যাত্রা বিরতি শেষে ২টায় এটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
রেলওয়ের পশ্চিম জোনের উপমহা ব্যবস্থাপক আমজাদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর পাবনা প্রতিনিধি জানান, বেলা ১টা ৫৫ মিনিটে ট্রেনটি ঈশ্বরদী এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর ও রেলওয়ের কর্মকর্তারা ফুল দিয়ে ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান। পাঁচ মিনিট যাত্রা বিরতি শেষে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে রওনা হয়। ওই সময় কয়েকশ জনতা স্টেশনে ভিড় জমায়।
কলকাতা থেকে ছেড়ে ১১টা ৭মিনিটে ট্রেনটি বাংলাদেশের দর্শনায় এসে পৌঁছে।
চুয়াডাঙ্গা থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, বাংলাদেশ রেলওয়ের চিফ পারসোনাল অফিসার মো. শাহজাহান এবং রেলওয়ে পশ্চিম জোনের বিভাগীয় কর্মকর্তা আনোয়ারুল হক ট্রেনে চড়ে আসা ভারতের প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে সফরকারি দলের সদস্যদের ইমিগ্রেশন সংক্রান্ত কাজ হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনও পরিবর্তন করা হয়।
কলকাতা থেকে দর্শনা পর্যন্ত মৈত্রীর চালক ছিলেন ভারতের শিলাজিৎ চক্রবর্ত্তী। তবে ইঞ্জিন পরিবর্তনের পর পরই চালকের আসনে বসেন বাংলাদেশের শওকত আলী। ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি দর্শনা ছাড়ে।
সফরকারী দলের প্রধান ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ ই আহমেদ দর্শনায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ট্রেন চলাচলের মধ্য দিয়ে দুই দেশের সৌহার্দ্যমূলক সম্পর্ক আরও গাঢ় হবে।"
ঢাকা-কলকাতা সরাসরি রেল যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা করতে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে রোববার সকালে ট্রেনটি ঢাকার উদ্দেশে কলকাতা ছাড়ে।
দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনার পর এটি ভারতীয় ট্রেনের পরীক্ষামূলক যাত্রা।
ভারতীয় প্রতিনিধি দলটি ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত ঢাকায় থেকে দুই দেশের রেল যোগাযোগ চালু করার অমীমাংসিত বিষয়গুলো চূড়ান্ত করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন জানান, অতিরিক্ত সচিব পর্যায়ে দুদিনব্যপী বৈঠক হবে। নয়- দশ জুলাই দুদিনের বৈঠকে সীমান্তে কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা এবং সপ্তাহে কয়টি ট্রেন যাতায়াত করবে এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।
সরকার মঙ্গলবার ভারতীয় প্রতিনিধি দলকে ট্রেনে করে ঢাকায় আসার অনুমতি দেয়। বাংলাদেশ ও ভারত সরকারের ঘোষণা অনুসারে চলতি বছরের জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিস চালুর সম্ভাবনা রয়েছে। ২০০১ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়, শেষ পর্যন্ত তা আর চালু হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেআরসি/এএইচডি/ইএইচবি/এএল/এমআই/১৮৫৯ ঘ.
bdnews24