২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর শহরে ট্রান্সফরমার ডাকাতি, কয়েকশ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন

শহরের নিউ জুম্মাপাড়া ও জুম্মাপাড়া মহল্লায় পিডিবির দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়েছে ডাকাতরা। এতে রোববার ভোর থেকে ওই দুই মহল্লার কয়েকশ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 09:09 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

রংপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের নিউ জুম্মাপাড়া ও জুম্মাপাড়া মহল্লায় পিডিবির দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়েছে ডাকাতরা। এতে রোববার ভোর থেকে ওই দুই মহল্লার কয়েকশ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকাবাসী জানায়, ভোর ৪টার দিকে একদল সশস্ত্র ডাকাত শহরের কেন্দ্রস্থল নিউ জুম্মাপাড়া মহল্লা থেকে একটি ২০০ কেভিএ এবং টেকনিক্যাল কলেজ সংলগ্ন জুম্মাপাড়া থেকে ১০০ কেভিএ ট্রান্সফরমার খুলে ট্রাকে তুলে নিয়ে যায়। ঘটনাটি এলাকার কয়েকজন যুবক দেখে বাধা দিতে এগিয়ে এলে ডাকাতরা গুলি করার হুমকি দেয়। জুম্মাপাড়া এলাকার আবুল কাশেম জানান, ভোরে বিদ্যুৎ চলে যায়। পরে খবর নিয়ে দেখি এ অবস্থা। বিদ্যুৎ না থাকায় এ গরমে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। বিদ্যুৎ কখন আসবে, তাও বলতে পারছে না কেউ। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী নাজিম উদ্দিন। তিনি এ ঘটনাকে নজিরবিহীন বলে মন্তব্য করেন। তবে নতুন ট্রান্সফর্মার বসিয়ে কখন ওই দুই এলাকায় বিদ্যুৎ সংযোগ আবার দেওয়া যাবে, তা নিশ্চিত করে বলতে পারেননি কর্মকর্তারা। দুপরে কোতোয়ালি থানায় যোগাযোগ করা হলে থানার দায়িত্বরত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, ওই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৮ ঘ.