গাজীপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কাপাসিযায় মানসিক রোগী জাকির হোসেনের (২২) হাতে খুন হয়েছেন তার মামী সেলিনা আক্তার (৩২) ও খালাত ভাই নুরে আলম (২৫)।
শুক্রবার বিকেলে জাকির তাদের দা দিয়ে কুপিয়ে মারে। এ সময় তাকে নিরস্ত করতে গিয়ে তার বাবা আব্দুল কাদের আহত হন।
এ ঘটনায় জাকিরের নানা বাকিউল্লাহ কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন। জাকিরকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুর্গাপুর ইউনিয়নের জাকির হোসেনকে চিকিৎসার জন্য আনা হয় মামার বাড়ি বরুনে। শুক্রবার বিকেলে সে হঠাৎ দা হাতে নুরে আলমের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে বাঁচাতে এলে মামী সেলিনা আক্তারকেও আঘাত করতে থাকে সে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২৩৩৮ ঘ.
bdnews24