বগুড়া, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলায় শনিবার দুটি ছিনতাইয়ের ঘটনায় ৩৩ হ্জাার টাকা লুট এবং দুজন আহত হয়েছেন। আহত আনোয়ার হোসেন (৩০) এবং জুয়েলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোরে ফার্নিচার ব্যবসায়ী আনোয়ার হোসেন শহর থেকে বানদিঘী গ্রামে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাহত করে ৩০ হাজার টাকা নিয়ে যায়।
প্রায় একই সময়ে নাটাইপাড়ার কাঁচামাল ব্যবসায়ী জুয়েল ও তার বাবা লোকমান শহরে কাঁচামাল কিনতে যাওয়ার পথে এসপি ব্রিজ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। তারা জুয়েলকে ছুরিকাহত করে তিন হাজার টাকা এবং তার বাবার কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে যায়।
এ ব্যাপারে বগুড়া সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক ফরিদা পারভীন বলেন, এখনো কেউ মামলা করেনি। তবে হাসপাতালে ভর্তির খাতায় পুলিশ কেস হিসেবে এ বিষয়টি লেখা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২৩১৬ ঘ.
bdnews24