২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ও নড়াইলে দুই জন খুন

বরিশালের হিজলা উপজেলায় এক নারী এবং নড়াইলে এক যুবক শনিবার খুন হয়েছেন। আমাদের বরিশাল প্রতিনিধি জানান, হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের কাশেমবাজার এলাকায় শনিবার দুপুরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে মনোয়ারা বেগম নামে এক বিধবা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বরিশালের হিজলা উপজেলায় এক নারী এবং নড়াইলে এক যুবক শনিবার খুন হয়েছেন। আমাদের বরিশাল প্রতিনিধি জানান, হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের কাশেমবাজার এলাকায় শনিবার দুপুরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে মনোয়ারা বেগম নামে এক বিধবা মারা গেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাওয়া নূর চৌধুরী টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, শনিবার বেলা আড়াইটার দিকে বিধবা মনোয়ারা বেগমের সঙ্গে প্রতিবেশী রিকশাচালক আবদুর রাজ্জাক মাতুব্বরের ঝগড়া বাধে। এক পর্যায়ে রাজ্জাক তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন আবদুর রাজ্জাক মাতুব্বরের ঘর ঘিরে রেখেছে বলে জানান তিনি। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান বেলা ৩টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। নড়াইল প্রতিনিধি জানান, লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের তরিকুল ইসলামকে(২৮) শনিবার সকালে স্থানীয় সন্ত্রাসীরা হত্যা করেছে। এলাকাবাসী জানায়, গ্রামের এক গৃহবধূকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তরিকুলের ওপর হামলা চালায় একই গ্রামের ফিরোজ ফকির, ইলিয়াস ফকির ও আশরাফ আলী। তারা তরিকুলকে কুপিয়ে হত্যা করে। ওই সময় হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হন জাহাঙ্গীর আলম(৩০)। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.