২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমবায় উপেক্ষিত বলেই দ্রব্যমূল্য আজ লাগামছাড়া

দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলার অন্যতম কারণ সমবায় মালিকানাকে রাষ্ট্রীয়ভাবে উপেক্ষা করা। শনিবার বিশ্ব সমবায় দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 09:21 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলার অন্যতম কারণ সমবায় মালিকানাকে রাষ্ট্রীয়ভাবে উপেক্ষা করা। শনিবার বিশ্ব সমবায় দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমবায় উন্নয়ন ফোরাম আয়োজিত এ সেমিনারে বক্তারা বলেন, সংবিধানে জাতীয় অর্থনীতির ক্ষেত্রে সমবায় মালিকানাকে স্বীকৃতি দেওয়ার পরও সমবায়ের দিকে নজর দেওয়া হয়নি। রাষ্ট্রীয় মালিকানা বিলোপ করে ব্যক্তিখাতের দিকে ঝুঁকে পড়লেও সমবায় মালিকানা উপেক্ষিত বলেই আজ দ্রব্যমূল্যের লাগাম ধরা যাচ্ছে না। সেমিনারে "বাংলাদেশে সমবায়ের ভবিষ্যত : একটি রোড ম্যাপের খসড়া" শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ। প্রবন্ধে তিনি লিখেছেন, এদেশে সমবায়ের ধ্যান-ধারণা ও কার্যক্রমের উন্নত বিকল্প হিসেবে এনজিও কার্যক্রমকে দীর্ঘদিন ধরে উন্নয়ন নীতি, চিন্তা ও কৌশলে দৃঢভাবে স্থাপন ও তার সার্বজনীন গ্রহণযোগ্যতা সৃষ্টি করা হয়েছে। বৈদেশিক সাহায্যনির্ভর প্রকল্প বা উন্নয়ন কার্যক্রমে সমবায়কে আর প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে দেখা হয় না। যেহেতু এদেশে জনউদ্যোগের চেয়ে সমবায় সরকারি উদ্যোগ হিসেবে বেশি পরিচিতি পেয়েছে, তাই সরকারের সঙ্গে সমবায়কেও আরো পেছনে ঠেলে দেওয়া হয়েছে। আইন কাঠামো ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণকে সমবায়ের ক্ষেত্রে দিন দিন কঠোর করে এনজিও এবং ব্যক্তিখাতের জন্য নীতি ও কৌশল উদার করা হয়েছে। ধীরে ধীরে সমবায়ের ওপর থেকে সরকার ও দাতাদের নীতিগত সমর্থন ও আর্থিক সহায়তা প্রত্যাহার করা হয়েছে-- এসবই সমবায়কে নিরুৎসাহিত করেছে। উন্নত দেশগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০০৪ সালে প্রকাশিত ইউরোপীয় কমিশনের প্রতিবেদনে ইউনিয়নভুক্ত দেশগুলোতে তিন লাখ সমবায় সমিতি ২৩ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এসব সমিতির সক্রিয় সদস্য ১৪ কোটিরও বেশি মানুষ। এ তথ্য প্রমাণ করে, সমবায় এখনো প্রাসঙ্গিক এবং সম্ভাবনাময়। সেমিনারে সময়বায় আইনকে যুযোপযোগী করার কথাও বলেছেন তিনি। বিশিষ্ট অর্থনীতিবিদ মোজফফ্র আহমদ বলেছেন, এদেশে সমবায় সম্ভাবনাময় খাত হিসেবে বিকাশ লাভ করেছিল। কিন্তু রাজনৈতিক কারণে সময়বায়কে ব্যবহার করে এ খাতকে পেছনে ঠেলে দেওয়া হয়। তিনি বলেন, "জিয়াউর রহমানের আমলে সমবায় সমিতিগুলোকে দলীয় প্রয়োজনে ব্যবহার করা হয়। তখন তাঁতী সমবায় সমিতিকে রাজনৈতিক সমিতিতে পরিণত করা হয়েছিল। বস্ত্রমন্ত্রণালয়ের দায়িত্বে থেকে দেখেছি, সমবায়ের নামে বরাদ্দ নিয়ে কীভাবে সুতার কালোবাজারি হয়েছে।" অধ্যাপক আহমদ সমবায়ের অপার সম্ভাবনার কথা জানিয়ে বলেন, এখন আরো নতুন নতুন ক্ষেত্র সামনে এসেছে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, কৃষিতে সমবায়ের মাধ্যমে ভোক্তা ও উদ্যোক্তা উভয়েই লাভবান হতে পারে। সমবায়ের মাধ্যমে মধ্যসত্ত্বভোগীদের উৎপাতও বন্ধ করা সম্ভব। তিনি বলেন, " নরসিংদীতে কৃষক যে সবজি ১০ টাকায় বিক্রি করেন ঢাকার হাতিরপুল বাজারে তা আমাদের কিনতে হয় ২০ টাকায়। মধ্যসত্বভোগীরা এখানে ১০ টাকা মুনাফা করে। অথচ কৃষকরা সমবায় করলে ন্যায্য দাম পেতে পারেন। আবার ভোক্তা সমবায় সমিতি করে কৃষককে ন্যায্য দাম দিয়েও সহনীয় দামে ওই সবজি পেতে পারেন। পরিবহনের ক্ষেত্রেও সমবায় ব্যবস্থা থাকতে পারে।" সাবেক উপদেষ্টা ও সচিব ধীরাজ কুমার নাথ "সমবায়ের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা এখনো এদেশে বিদ্যমান" মন্তব্য করে বলেন, সমবায়ের সুফল পেতে মানুষকে এগিয়ে আসতে হবে। এজন্য সমবায় সম্পর্কে শিক্ষা ও প্রচারণা প্রয়োজন। সমবায় উন্নয়ন ফোরামের সভাপতি এ এ মাহমুদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অর্থনীতির অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী, সমবায় অধিদপ্তরের নিবন্ধক মো. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসি/১৫১১ ঘ.