ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন গত সাড়ে তিন মাসে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ, প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীসহ ১৮৬ জনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিয়েছে। এদের মধ্যে ১৪৩ জন তাদের সম্পত্তির হিসাব বিবরণী কমিশনে জমা দিয়েছেন।
হিসাবের গড়মিল ধরে এ পর্যন্ত মোট ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেছে কমিশন।
কমিশনের সেগুনবাগিচা কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে বৃহস্পতিবার এসব তথ্য পাওয়া গেছে।
এ প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বৃহস্পতিবার বলেন, "জনবল সঙ্কট থাকলেও কমিশন সঠিকভাবেই কাজ করে যাচ্ছে। কমিশনের সর্বশেষ ত্রৈমাসিক সভায় এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।"
এর আগে ৫১ জনের সর্বশেষ তালিকা অনুযায়ী গত ২৯ মে থেকে নোটিশ পাঠানো শুরু করে দুর্নীতি দমন কমিশন। ওই তালিকা থেকে প্রথম দফায় ২১ জনকে এবং পরে একজনকে নোটিশ দেওয়া হয়। তালিকার বাকি ২৯ জনের মধ্যে ১ জুলাই ১৭ জন ও ৫ জুলাই ১২ জনকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
১৭ জনের তালিকার মধ্যে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলুর ঠিকানা সংক্রান্ত জটিলতা থাকায় তাদের নোটিশ পাঠানো সম্ভব হয়নি। ফলে তাদের নতুন ঠিকানা সংগ্রহ করে আবারো নোটিশ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা। তারা জানান, ওই দুইজনসহ এ তালিকার আরো ছয়জনকে রোববার নোটিশ পাঠানো হতে পারে। এই আটজনকে নোটিশ দেওয়া হলে কমিশনের নোটিশ পাওয়া ব্যক্তিদের সংখ্যা ১৯৪ এ দাঁড়াবে।
কমিশনের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত জমা পড়া ১৪৩ জনের সম্পত্তির হিসাব পর্যালোচনা ও অনুসন্ধান করে মোট ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত শেষে মোট নয়টি মামলায় অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। এর মধ্যে গত সপ্তাহে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং গত মাসের শেষ সপ্তাহে সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
আর যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারা হলেন- সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির, সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, সাবেক প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ ও সিবিএ নেতা ফিরোজ মিয়া।
এছাড়া আরো পাঁচটি মামলায় অভিযোগপত্র তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। কমিশনের অনুমোদন পেলে শিগগিরই এসব অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানা গেছে।
কমিশনের দায়ের করা ৩৬টি মামলার মধ্যে এ পর্যন্ত তিনটির বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। এসব মামলার রায়ে বিশেষ জজ আদালত সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও সাবেক প্রতিমন্ত্রী মীর নাছিরকে ১৩ বছর এবং তাদের সহযোগিতার কারণে আমানের স্ত্রী সাবেরা আমান ও মীর নাছিরের ছেলে ব্যারিস্টার মীর হেলালকে তিন বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে। এছাড়া সম্পত্তির হিসাব না দেওয়ায় গিয়াসউদ্দিন আল মামুনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৩১১ ঘ.
bdnews24