কুষ্টিয়া, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া-২ (দৌলতপুর) আসনের সাবেক সাংসদ ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে দৌলতপুর থানার উপপরিদর্শক আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি করেন।
এজাহারে অভিযোগ করা হয়, বাচ্চু মোল্লা ত্রাণের ১০৮টি টিন আত্মসাত করে তার গরুর খামারে ব্যবহার করছিলেন। জরুরি অবস্থা জারির পর সে টিনগুলো বাড়ির পাশের তারাগুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে টিনগুলো উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক তদন্তেটিন আত্মসাতের সঙ্গে বাচ্চু মোল্লার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই মামলাটি করা হয়।
মামলাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে বলে জানান আব্দুস সামাদ।
জরুরি অবস্থা জারির পর বাচ্চু মোল্লার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। তবে সাবেক এ সাংসদ পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24