২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'একদিনের মধ্যে বিএনপির 'পূর্ণাঙ্গ সংস্কার' প্রস্তাব দেবেন মান্নান ভূঁইয়া

আগামী দু'একদিনের মধ্যে সংশোধনীসহ একটি 'পূর্ণাঙ্গ সংস্কার' প্রস্তাব ঘোষণা করবেন বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। বুধবার দুপুরে তিনি তার গুলশানের বাসায় সাংবাদিকদের বলেন, "আমরা বিএনপির যে সংস্কার প্রস্তাবটির খসড়া ঘোষণা করেছিলাম সেটি ছিল দলীয়ভিত্তিক। ওই প্রস্তাবে কিছু সংশোধনী আনা হবে। এ ছাড়া সার্বিকভাবে দেশের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে আমরা কিছু প্রস্তাব দেব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 08:43 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আগামী দু'একদিনের মধ্যে সংশোধনীসহ একটি 'পূর্ণাঙ্গ সংস্কার' প্রস্তাব ঘোষণা করবেন বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। বুধবার দুপুরে তিনি তার গুলশানের বাসায় সাংবাদিকদের বলেন, "আমরা বিএনপির যে সংস্কার প্রস্তাবটির খসড়া ঘোষণা করেছিলাম সেটি ছিল দলীয়ভিত্তিক। ওই প্রস্তাবে কিছু সংশোধনী আনা হবে। এ ছাড়া সার্বিকভাবে দেশের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে আমরা কিছু প্রস্তাব দেব। সব মিলিয়ে আগামী দু'একদিনের মধ্যে সংস্কার প্রস্তাব আমি আপনাদের কাছে তুলে ধরবো।" তার নামে কক্সবাজারের চকরিয়ায় ১০ শতাংশ জমি অবৈধভাবে রেজিস্ট্রি করে দলীয় কার্যালয় করার কথা বলে দায়ের করা মামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "আমি এ সম্পর্কে কিছুই জানি না। এটার সঙ্গে আমার কোন সংশ্রব নেই। এটা সম্পূর্ণ ভুয়া মামলা। আমি কাউকে জমি ক্রয়ের ক্ষমতা দেইনি।" তিনি বলেন, "সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে আমি আশাবাদী।" গত ৪ মে কক্সবাজারের চকরিয়া সমবায় আদালতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। চকরিয়া থানার বদরকালী সময়বায় কৃষি ঔপনিবেশ সমিতির ১০ শতাংশ জমি বিএনপির কার্যালয়ের নামে রেজিস্ট্রি করা হয়। বুধবার সকাল থেকেই গুলশানের বাসায় বরিশাল, নোয়াখালী, সিলেট ও বগুড়ার জেলা নেতা এবং সাবেক দলীয় সাংসদরা মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেনের নেতৃত্বে ছাত্রদলের অর্ধ শতাধিক নেতাকর্মীর তার সঙ্গে দেখা করেন। মহাসচিব তাদেরকে দলীয় সংস্কার কী কারণে প্রয়োজন তা ব্যাখ্যা করে এ বিষয়ে ছাত্রদের মধ্যে জনমত গড়ে তোলার আহ্বান জানান। মান্নান ভূঁইয়া বিকেলে গুলশানে দলের জ্যেষ্ঠ নেতা সাইফুর রহমানের বাসায় যান। সেখানে দুই নেতার মধ্যে প্রায় এক ঘন্টা বৈঠক হয় বলে জানা গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/এমএইচবি/১৯৩৭ ঘ.