২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সেতুতে গ্রামীণ ফোনের ফাইবার অপটিক লিংক চালু

গ্রামীণ ফোন মঙ্গলবার পাঁচ কোটি টাকা ব্যয়ে যমুনা বহুমুখী সেতুতে ফাইবার অপটিক কেবল লিংক চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 05:22 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গ্রামীণ ফোন মঙ্গলবার পাঁচ কোটি টাকা ব্যয়ে যমুনা বহুমুখী সেতুতে ফাইবার অপটিক কেবল লিংক চালু করেছে। বাংলাদেশের মোবাইল অপারেটদের মধ্যে গ্রামীণ ফোনই প্রথম ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ যমুনা সেতুতে ফাইবার অপটিক লিংক স্থাপন করলো। যমুনা রিসোর্টের অডিটোরিয়ামে কেবল লিংক যৌথভাবে উদ্বোধন করেন যমুনা বহুমুখি সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খান এম ইব্রাহিম হোসেন এবং গ্রামীন ফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক অস। এসময় গ্রামীণফোনের রেগুলেটরি অ্যান্ড ইন্টার কানেকশন ডিরেক্টর খালিদ হাসান এবং ডেপুটি ডিরেক্টর এন্ড হেড অব অপারেশন তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে খান এম ইব্রাহিম হোসেন বলেন, গ্রামীণ ফোনের ফাইবার অপটিক কেবল লিংক স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটির জন্য এখন দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুয়ার খুলে গেল। ৪০ কিলোমিটার দীর্ঘ এই ফাইবার অপটিক ক্যাবল যমুনা সেতু হয়ে টাঙ্গাইলের এলেঙ্গা এবং সিরাজগঞ্জের নলকাকে সংযুক্ত করেছে। এরিক অস বলেন, ফাইবার অপটিক লিংক গ্রামীন ফোনের জন্য আরেকটি মাইলফলক। এরফলে গ্রামীন ফোনের নেটওয়ার্ক আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য হবে। নেটওয়ার্কের মান এবং কাভারেজ বাড়াতে সহায়তা করবে। তিনি বলেন, এর মাধ্যমে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মানুষরা উপকৃত হবে। এছাড়া উচ্চমানের ভয়েস ও ডাটা সেবা প্রদান নিশ্চিত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএইচবি/২৩১৬ ঘ.