ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফার্স্ট সলিউশন নামে একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির লন্ডন প্রবাসীদের নয় মিলিয়ন পাউন্ড (১২১ কোটি টাকা) আত্মসাতের ঘটনার সন্তোষজনক সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ।
সোমবার তিনি বলেন, "আশা করছি আমরা একটি সন্তোষজনক সমাধানে পৌঁছাতে পারব। ইতিমধ্যেই আমরা এ ব্যাপারে ঢাকায় ব্রিটিশ হাই কমিশন এবং যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেছি।"
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত সহকারী পরিচালকদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন আহমেদ এ আশ্বাস দেন।
ফার্স্ট সলিউশন মানি ট্রান্সফার লি. নামে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানিটি গত ২৯ জুলাই নিজেকে দেওলিয়া ঘোষণা করে যুক্তরাজ্যের অফিস বন্ধ করে দেয়। এর আগে দেশে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কোম্পানিটিতে জমা পড়ে প্রায় নয় মিলিয়ন পাউন্ড। টাকা পাঠানোর জন্য কোম্পানিটি পাউন্ডের উচ্চ বিনিময় হার দেওয়ার ঘোষণা দেয় প্রবাসীদের।
গভর্নর বলেন, ফার্স্ট সলিউশন যেসব ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতো কিংবা ওই একচেঞ্জের সঙ্গে যেসব ব্যাংকের যোগাযোগ ছিল তাদের ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক তলব করেছে। "এসব ব্যাংক ফার্স্ট সলিউশন থেকে কী পরিমাণ অর্থ পেয়েছে আমরা তা খতিয়ে দেখছি।"
bdnews24