২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন হ্যান্ডশেক করার আবেদন চূড়ান্ত বিমানের ১৮৬৩ জনের

বিমানের 'গোল্ডেন হ্যান্ডশেক' কর্মসূচির আওতায় ১৮৬৩ জন কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আবেদন করা ২১৬২ জনের মধ্যে এদের আবেদন চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মোমেন রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য ২১৬২ জন কর্মকর্তা-কর্মচারী আবেদন করেছিলেন। যাচাইবাছাই করার পর ১৮৬৩ জনের আবেদনপত্র চূড়ান্ত করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 07:11 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিমানের 'গোল্ডেন হ্যান্ডশেক' কর্মসূচির আওতায় ১৮৬৩ জন কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আবেদন করা ২১৬২ জনের মধ্যে এদের আবেদন চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মোমেন রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য ২১৬২ জন কর্মকর্তা-কর্মচারী আবেদন করেছিলেন। যাচাইবাছাই করার পর ১৮৬৩ জনের আবেদনপত্র চূড়ান্ত করা হয়েছে।" তিনি আরও বলেন , "যারা স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন তাদের যাবতীয় পাওনা আগামী এক মাসের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে বলে আমি আশা করছি। তবে প্রথমে তারা পাবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা। কারণ এ অর্থ বিমানের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। আর পেনশন ও গ্রাচুইটির টাকা দেওয়া হবে বিশ্ব ব্যাংক থেকে পাওয়া তহবিল থেকে।" বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৮৬৩ জন কর্মকর্তা ও কর্মচারীকে অবসর দিতে সর্বমোট ৩২৫ কোটি টাকা প্রয়োজন হবে। ইতিমধ্যে ২৯৭ কোটি টাকা দিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সূত্র জানায়, যাদের চাকরির বয়স ১০ বছরের কম তাদের আবেদন বিবেচনা করা হয়নি। যাদের চাকরি ২৫ বছরের বেশি তাদের আবেদনই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। তবে যারা বিমানের ককপিটে কাজ করেন তাদের আবেদন বিবেচনায় আনা হয়নি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরপরই বিমান পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে মার্চ মাসে তৎকালীন বিমান সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। কমিটির সুপারিশে আরো বলা হয়, বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তর করার আগে লোকবল চার হাজার ৮০০ থেকে অর্ধেকে নামিয়ে আনতে হবে। এরপর গোল্ডেন হ্যান্ডশেক কর্মসূচি হাতে নেয় বিমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি-এএইচডি/এমএইচবি/০০৪৬ ঘ.