নোয়াখালী, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বেগমগঞ্জ ও কবিরহাটে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুধারাম থানার উপপরিদর্শক ইমতিয়াজ জানান, কবিরহাটের সোন্দলপুর ইউনিয়নের জগদানন্দ গ্রামে রোববার ভোরে সুধারাম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ আজাদ ও রুবেল নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করে।
পরে রুবেলের বাড়ি থেকে একটি বিদেশি বন্দুক, নয়টি কার্তুজ, চারটি ছোরা ও দুটি ধারালো ধামা উদ্ধার করা হয়।
আজাদের বিরুদ্ধে সেনবাগ, চাটখিল ও সুধারাম থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ জানান।
একইদিন সকালে ছিনতাই করা ট্রাকসহ নেয়াজুল ইসলাম (২২) ও বাদশা মিয়া (২০) নামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানান বেগমগঞ্জ থানার উপপরিদর্শক আমিনুর রহমান।
তিনি বলেন, কুমিল্লার পদুয়া বাজার থেকে ৩৬৫টি গ্যাস সিলিন্ডার বোঝাই করা ট্রাক ছিনতাই করে লক্ষ্মীপুর নিয়ে যাওয়ার পথে বেগমগঞ্জের বিসিক শিল্প নগরীর সামনে টহলরত পুলিশের সন্দেহ হলে তারা ট্রাকটি থামায়। বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকে থাকা নেয়াজুল ও বাদশাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা গ্যাস সিলিন্ডারসহ ট্রাকটি ছিনতাইয়ের কথা স্বীকার করে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আমিনুর।
ট্রাকটি বেগমগঞ্জ থানায় রাখা আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৪১ ঘ.
bdnews24