ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সংস্কার কাজ যে গতিতে এগিয়ে চলেছে তাতে ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কারের কাজ থেমে নেই, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে সংস্কারের বিষয়ে আলোচনা শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে সুবিধাজনক সময়ে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে নিষেধাজ্ঞার কারণে দলগুলোর সংস্কারে কোনো বাধা সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন না।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়াকে দায়ী করে প্রধান উপদেষ্টা বলেন এতে গত বছর আন্তর্জাতিক বাজারে চাল, ডাল, গম ও ভোজ্য তেলের দাম বেড়েছে। এ সত্ত্বেও সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে চাল, ডাল, ভোজ্যতেলের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। বাজারে এর প্রভাবও পড়েছে বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। (আরও তথ্যসহ-৩)
শুক্রবার রাতে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে এই সাক্ষাৎকার প্রচারিত হয়। ভয়েস অব আমেরিকার পক্ষে ইকবাল বাহার চৌধুরী সাক্ষাৎকারটি নেন।
উপদেষ্টা বলেন, ১১ জানুয়ারির পর তাকে উপদেষ্টা হতে বলা হলে সঙ্কট থেকে উত্তরণ ও দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের চ্যালেঞ্জ নিয়েই তিনি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেন।
তিনি বলেন, "এটা আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে চ্যালেঞ্জের কথা জেনেই এ দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেই।"
বর্তমান সরকারের নানামূখী সংস্কার বিষয়ে তিনি প্রথমেই নির্বাচন কমিশন প্রসঙ্গে বলেন, কমিশনকে ঢেলে সাজাতে একটু সময় লেগেছে। একদিকে নির্বাচন আইনের সংস্কার চলছে অন্যদিকে ভোটার তালিকা তৈরির কাজও শুরু হয়েছে। সবার দাবি ছিল গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনার করা। সেটা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়কে আলাদা করার প্রক্রিয়াও শুরু হয়েছে। শ্রীপুরে ছবিসহ নির্ভুল ভোটার তালিকা তৈরির পাইলট প্রকল্প চলছে। রাজশাহীতে ভোটার তালিকা তৈরির কাজ অচিরেই শুরু হবে বলে তিনি জানান।
এখনকার গতিতে সংস্কার চললে ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ আগে কখনো হয়নি। এ কাজটি করতে একটু বেশি সময় লাগছে। তবে সামগ্রিকভাবে দেখতে গেলে ওই সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।"
ঘরোয়া রাজনীতি কবে নাগাদ চালু হতে জানতে চাইলে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে সংস্কারের বিষয়ে আলোচনা শুরু করেছে। কিছু কিছু প্রস্তাবও উঠে এসেছে। এ নিয়ে দলগুলো স্বতস্ফুর্ত আলোচনা অব্যাহত রেখেছে। সংস্কারের কাজ থেমে নেই। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সরকারেও দ্বিমত নেই। সবকিছু ঠিক থাকলে সুবিধাজনক সময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে নিষেধাজ্ঞার কারণে দলগুলোর সংস্কারে কোনো বাধা সৃষ্টি হয়েছে বলে মনে হয় না।
কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, "কমিশন সংস্কারের বিষয়ে সুশীল সমাজ ও অন্যদের সঙ্গে আলোচনা করেছে। রাজনৈতিক দলগুলো আলোচনায় বসবে কিনা সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে নির্বাচন কমিশন এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।"
দুর্নীতির অভিযোগে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া চলছে। কেউ কেউ বলছেন এ প্রক্রিয়া দ্রুত শেষ করা দরকার। এ বিষয়ে মতামত জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতির মামলাগুলো নিস্পত্তির জন্য কয়েকটি ট্রাইবুনাল করা হয়েছে। কয়েকটি মামলার রায়ও হয়েছে। এসবই দেশের প্রচলিত আইনে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে চলছে।
দুর্নীতি দমন কমিশন পূর্নগঠনের মাধ্যমে শক্তিশালী করার কথা জানিয়ে তিনি বলেন, এতে কিছুটা সময় লেগেছে। আগের সরকার এ ব্যাপারে কিছুই করতে পারেনি। কমিশন এখন আগের চেয়ে অনেক শক্তিশালী ও গতিশীল। ভবিষ্যতে কমিশনের কর্মকাণ্ড আরো গতিশীল হলে আগের মতো দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটবে না।
দেশের সামগ্রিক অর্থনীতির গতি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, দেশের সার্বিক অর্থনীতির গতি ইতিবাচক। প্রবৃদ্ধির গতি উচ্চমূখী এবং দারিদ্র বিমোচনেও অগ্রগতি হয়েছে। বাজেটে অর্থনৈতিক সংস্কারের জন্য বেশকিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বিভিন্ন কারণে গত অর্থবছরের অর্থনৈতিক ক্যালেন্ডার থেকে ৩টি মাস হারিয়ে গেলেও ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা গেছে। এ সরকার দেশের অর্থনীতিতে যে গতিশীলতা এনেছে তা ধরে রাখা সম্ভব হলে আগামীতে প্রবৃদ্ধির হার আরো বাড়বে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রসঙ্গে ফখরুদ্দীন আহমদ বলেন, দু বছর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরণের হেরফের হওয়ায় প্রায় সব দেশেই মুদ্রাস্ফীতি বেড়েছে। গত বছর চাল, ডাল, গম ও ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। এর প্রভাবে পড়েছে পুরো দক্ষিণ এশিয়ায়। প্রতিবেশী দেশগুলোতেও মুদ্রাস্ফীতি বেড়েছে। ভারত ও শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি বাংলাদেশের চেয়ে বেশি।
সবকিছুর পরও সাধারণ মানুষের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে সরকার চাল, ডাল, ভোজ্যতেলের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। বাজারে এর প্রভাব হিসেবে চালের দাম কিছুটা কমেছে, ভোজ্যতেলের দাম সহনীয় হয়েছে বলে বর্তমান সরকার প্রধান দাবি করেন।
চলতি বছরের জানুয়ারিতে সামরিক বাহিনীর সহযোগিতায় দেশে একটি বিপর্যয় এড়ানো গেছে। ভবিষ্যতে সেনাবাহিনী কোন কোন ক্ষেত্রে সহযোগিতা দেবে জানতে চাইলে সেনাসমর্থিত অন্তবর্তীকালীন সরকারের প্রধান বলেন, "আমাদের সেনাবহিনী অত্যন্ত পেশাদার। অতীতে তারা জনগণের সাহায্যে এগিয়ে এসেছে। বিভিন্ন সময়ে দুর্যোগ মোকাবেলার পাশাপাশি উন্নয়নেও তারা অবদান রেখেছে। সারা বিশ্বে শান্তি রক্ষায় এ বাহিনী কাজ করছে।"
এ সরকারের আমলে সেনাবাহিনীর সহযোগিতা সম্পর্কে তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও অপরাধ দমন এবং চট্টগ্রামে পাহাড় ধসের সময় সেনাবাহিনী এগিয়ে এসেছে। ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজেও নির্বাচন কমিশনকে সাহায্য করছে। আরো অন্যান্য যেসব ক্ষেত্রে সহযোগিতার সুযোগ আছে সেখানেও সেনাবাহিনী যথাযথ অবদান রাখবে বলে তিনি মনে করেন।
নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরিসহ নির্বাচন আয়োজনের কাজ করছে। এর মধ্যদিয়েই একটি রোডম্যাপ তৈরি হচ্ছে। আগামী জুলাই মাসে নির্বাচন কমিশন একটি রোডম্যাপ ঘোষণার কথা বলেছে। এ ব্যাপারে সরকার নির্বাচন কমিশনকে সব ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় রেডিও চ্যানেল ভয়েস অব আমেরিকার প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, দেশ দুটির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরো জোরদার করার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র এদেশের তৈরি পোশাক রপ্তানীর একটি বড় বাজার। এ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা চলছে।
তাছাড়া সন্ত্রাস দমনে দেশদুটি এক সঙ্গে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে উভয় দেশই সচেষ্ট।
চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "সবদিক দেখে সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা যেসব সংস্কার করছি তা বিশ্ব নেতৃবৃন্দের সামনে তুলে ধরার সুযোগ হবে।"
২০০৮ সালের ডিসেম্বর নাগাদ নির্বাচন হলে ক্ষমতা হস্তান্তরের পর রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা নিয়ে কোনো বই লিখবেন কিনা এ ব্যাপারে জানতে চাইলে ফখরুদ্দীন আহমদ বলেন,"এখনো কিছু ভাবছি না। এই মুহুর্তে আমার মূল লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন করা। এটা অর্জিত হলে হয়তো এ অভিজ্ঞতা নিয়ে কিছু লেখালেখির সুযোগ পাব। তখন লিখতেও পারি।"
ওই সময় দেশের অন্য কোনো ক্ষেত্রে অবদান রাখার সুযোগ পেলে তাও ভেবে দেখতে পারেন বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচএস/জেকে/২১৫৮ ঘ.
bdnews24