২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের জানাজায় অংশ নিতে ফের প্যারোলে মুক্ত শেখ সেলিম

মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে। মা আছিয়া খাতুনের জানাজা ও দাফন শেষে বিকেল ৫টায় তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। আছিয়া বেগমের জানাজা শুক্রবার বাদ জুমা গুলশান ২ এর আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানী কবরস্থানে বড় ছেলে শেখ ফজলুল হক মণির কবরের পাশে দাফন করা হবে বলে পরিবার সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 05:30 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে। মা আছিয়া খাতুনের জানাজা ও দাফন শেষে বিকেল ৫টায় তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। আছিয়া বেগমের জানাজা শুক্রবার বাদ জুমা গুলশান ২ এর আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানী কবরস্থানে বড় ছেলে শেখ ফজলুল হক মণির কবরের পাশে দাফন করা হবে বলে পরিবার সূত্র জানিয়েছে। কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে শেখ সেলিমকে কারাগার থেকে বনানীর বাসায় নিয়ে যাওয়া হয়। নিয়মানুযায়ী প্যারোলে মুক্তি পাওয়া অবস্থায় মেট্রোপলিটন এলাকার বাইরে যাওয়া যায় না। তাই তার মায়ের জানাজা ও দাফন শেষে শেখ সেলিমকে কারাগারে ফিরিয়ে আনা হবে। বনানী থেকে আমাদের প্রতিবেদক সুমন মাহবুব জানান, ১০টা ১৭ মিনিটে শেখ সেলিম বাসায় পৌঁছেন। ১০টা ৩৮ মিনিটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন , আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও দলের যুগ্ম সম্পাদক মুকুল বোস সেখানে যান। শেখ সেলিমের বাসার সামনের রাস্তায় ব্যাপক পুলিশ রয়েছে। নিকট আত্মীয় ও রাজনৈতিক নেতা ছাড়া কাউকে বাসার সামনেও যেতে দেওয়া হচ্ছে না। এর আগে বৃহস্পতিবার মায়ের মৃত্যুর পর দুই ঘণ্টা ৪০ মিনিটের জন্য প্যারোলে মুক্তি পান শেখ সেলিম। বৃহস্পতিবার দুপুরে শেখ সেলিমের মা আছিয়া খাতুন গুলশানের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে দুপুর থেকেই বনানীর বাসায় শোকের ছায়া নেমে আসে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজনরা ছুটে আসেন বঙ্গবন্ধুর মেজোবোন আছিয়া খাতুনের প্রতি শ্রদ্ধা জানাতে। শেখ সেলিমের স্ত্রী দুপুরে স্বরাষ্ট্রসচিব বরাবর স্বামীকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন জানান। সেলিম প্যারোলে মুক্তি পেয়ে বাসায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই র‌্যাব, পুলিশ এবং কারা পুলিশ তার বাসাটি ঘিরে ফেলে। শেখ সেলিমকে রাতে কারাগারে ফিরিয়ে নেওয়ার সময় আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরা বাড়ির দোতালা ও সিঁড়িতে দাঁড়িয়ে তাকে আবেগঘন বিদায় জানান। শেখ হাসিনা অবশ্য তার আগেই, পৌনে ১০টার দিকে সুধা সদনে ফিরে যান। ফুপুর বাসায় অবস্থানের এই সময়টাতে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি। আছিয়া খাতুনের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিন মেয়ে, দুই ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। শেখ সেলিম তার মেজো ছেলে। গত ২৯ মে যৌথবাহিনীর সদস্যরা বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি মামলা হয়। মরহুমার বড় ছেলে শেখ ফজলুল হক মণি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হত্যাকাণ্ডের শিকার হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসইউএম/এফএফ/আরবি/এমআই/এসি/১১২৪ ঘ.