ঢাকা, জুন ২৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজউকের নকশা পরিবর্তন করে ভবন তৈরির অভিযোগ মতিঝিল থানা পুলিশ বৃহস্পতিবার গৃহনির্মাণ প্রতিষ্ঠান ডমিনোর তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন আব্দুস সালাম, আব্দুল মতিন ও মাহমুদুল হাসান। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেছে রাজউক।
মতিঝিল থানার উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, রাজউকের পক্ষে মামলাটি দায়ের করেন কর্মকর্তা এসএএম বজলুল কবীর। মামলার এজাহারের উল্লেখ করে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ডি ব্লকের ৩২/৩ প্লটে রাজউকের অনুমোদিত নকশা পরিবর্তন করে ভবন নির্মাণ করে ফ্ল্যাট বিক্রির অভিযোগ আনা হয়েছে।
তিনি জানান, ভবন নির্মাণে অনিয়ম দেখতে পেয়ে রাজউকের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়। সেখান থেকে তাদের গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এমএইচবি/০১১৬ ঘ.
bdnews24