মানিকগঞ্জে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে হামলা
সাটুরিয়া উপজেলার বেরাঈদ গ্রামের মাঝিপাড়ায় এক দল যুবক হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে।
এলাকাবাসীরা জানান, বুধবার ভোরে মাঝিপাড়ার যতিন চন্দ্র রাজবংশীর বাড়িতে অষ্টপ্রহরব্যাপী নামকীর্তন শুরু হয়। সেদিন রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় চেয়ারম্যান আবদুল কুদ্দুস খান মজলিসের ভাগ্নে মোস্তফার নেতৃত্বে একদল যুবক অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে ভাংচুর করে। ফলে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
যতিন রাজবংশীর ছেলে কমল চন্দ্র রাজবংশী অভিযোগ করেন, অনুষ্ঠানে উপস্থিত সন্যাসীদের সঙ্গে বিতর্কের এক পর্যায়ে মোস্তফা ও তার সঙ্গে আসা যুবকরা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।
হামলাকারীদের ভয়ে থানায় মামলা করা হয়নি বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস খান মজলিস বলেন, “ওই ঘটনায় আমি লজ্জিত। তবে এলাকায় বসেই এর মীমাংসা করে দেওয়া হয়েছে।”
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু এর আগেই স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় ভুক্তভোগীরা মামলা করতে রাজি হননি।
