২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারডেমের ঘটনায় ফখরুদ্দীন ও স্বাস্থ্য উপদেষ্টার উদ্বেগ

চিকিৎসকদের টানা ধর্মঘটে বারডেমে সৃষ্ট অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল মতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 07:58 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চিকিৎসকদের টানা ধর্মঘটে বারডেমে সৃষ্ট অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল মতিউর রহমান। স্বাস্থ্য উপদেষ্টা বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "বারডেম একটি বেসরকারি প্রতিষ্ঠান। আমরা সরকারি ভাবে হস্তক্ষেপ করতে পারি না। সমস্যাটির দ্রুত নিরসনের জন্য আমরা তাদের অনুরোধ জানিয়েছি।" তিনি জানান, বারডেম এর বোর্ড অব ম্যানেজম্যান্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক এ আর খান হাসপাতালটির পুরো পরিস্থিতি সরকারকে লিখিতভাবে জানিয়েছেন। আগামী ৩০ জুন আন্দোলনকারীদের দাবি দাওয়া নিয়ে হাসপাতালটির কর্তৃপক্ষ বৈঠকে বসবেন। তিনি আরও জানান, বারডেমের ন্যাশনাল কমিটির সদস্য একে আজাদ খান দেশে ফেরার পর ওই বৈঠকে সমস্যার সমাধান হয়ে যাবে বলেও তারা সরকারকে অবহিত করেছেন। উপদেষ্টা বলেন, "আমি চিকিৎসক এবং শিক্ষক হিসেবে বারডেমের সবাইকে অনুরোধ জানাবো অসুস্থ রোগীদের জিম্মি করে তারা যেন দাবি আদায় না করে।" চাকরি স্থায়ীকরণসহ নানা দাবিতে হাসপাতালটির ৩০০ ডাক্তার ও কর্মকর্তা--কর্মচারি গত ২৫ জুন থেকে ধর্মঘট করে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/জিএনএ/১৩৪০ ঘ.