২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত গাড়িচালক উদ্ধার, অভিযান চলছে

ডানিডার অপহৃত গাড়িচালক মোহাম্মদ হানিফকে উদ্ধার করা হয়েছে। তাকে নিয়েই এখন কর্মকর্তা হোসেন শহিদ সুমনকে উদ্ধারে সেনাবাহিনী, বিডিআরের প্রায় ২০০ সদস্য হেলিকপ্টারযোগে অপহরণস্থল ও আশেপাশের পাহাড়ে বিশেষ অভিযান চালাচ্ছে। অপহরণ ঘটনায় স্থানীয় বেসরকারি সংস্থার (এনজিও) আট কর্মকর্তা ও এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে বিডিআর। ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ক্রিস্টিয়ান ক্রোনি জারজেনসন ও ডানিডার সিনিয়র অ্যাডভাইজার হান্স হোপমায়ারসহ তিন কর্মকর্তা বুধবার বান্দরবান আসেন। প্রথম দিন কর্তৃপক্ষের অনুমতি না পেলেও বৃহস্পতিবার দুপুরে অনুমতি নিয়ে তারা থানচির উদ্দেশে রওনা হন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 05:53 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

বান্দরবান, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডানিডার অপহৃত গাড়িচালক মোহাম্মদ হানিফকে উদ্ধার করা হয়েছে। তাকে নিয়েই এখন কর্মকর্তা হোসেন শহিদ সুমনকে উদ্ধারে সেনাবাহিনী, বিডিআরের প্রায় ২০০ সদস্য হেলিকপ্টারযোগে অপহরণস্থল ও আশেপাশের পাহাড়ে বিশেষ অভিযান চালাচ্ছে। অপহরণ ঘটনায় স্থানীয় বেসরকারি সংস্থার (এনজিও) আট কর্মকর্তা ও এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে বিডিআর। ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ক্রিস্টিয়ান ক্রোনি জারজেনসন ও ডানিডার সিনিয়র অ্যাডভাইজার হান্স হোপমায়ারসহ তিন কর্মকর্তা বুধবার বান্দরবান আসেন। প্রথম দিন কর্তৃপক্ষের অনুমতি না পেলেও বৃহস্পতিবার দুপুরে অনুমতি নিয়ে তারা থানচির উদ্দেশে রওনা হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবাল জানান, গাড়িচালক মোহাম্মদ হানিফকে উদ্ধার করা হয়েছে বলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোখলেস উর রহমান বৃহস্পতিবার জানিয়েছেন। ডানিডা কর্মকর্তা হোসেন শহীদ সুমনকে উদ্ধারে গাড়িচালক হানিফকে নিয়েই অভিযান চলছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানান। অপহরণস্থল খিবুরিপাড়া এলাকার কাছেই একটি স্থান থেকে হানিফকে উদ্ধার করা হয় বলে একাধিক সূত্র জানায়। নাম প্রকাশ না করার শর্তে বান্দরবান সেনানিবাসের এক জন কর্মকর্তা জানান, খিবুরি পাড়ার পার্শ্ববর্তী অংসাপ্র" পাড়া থেকে গাড়ি চালক মো. হানিফকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়। বলিপাড়া বিডিআর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোয়াজ্জেম জানান, বুধবার থেকে শুরু হওয়া চিরুনি অভিযান মূলত অপহরণকারীরা যেসব এলাকায় আস্তানা গাড়তে পারে ওইসব এলাকায়ই চালানো হচ্ছে। তাছাড়া সেনাবাহিনী ও বিডিআর সদস্যরা এইসব এলাকা ঘিরে রেখেছে। এর আগে বুধবার দুপুরে জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দ, পুলিশ ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা থানচি পৌঁছে উদ্ধার কার্যক্রম তদারকি শুরু করেন। ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা মিয়ানমারের 'পিপলস পার্টি অব আরাকান' বা পিপিএ এর সশস্ত্র সন্ত্রাসী। স্থানীয় সূত্র জানায়, অপহরণকারীরা ডানিডা কর্মীদের তুলে নেওয়ার সময় আধা বাংলা ও মারমা ভাষায় লেখা একটি চিঠি দিয়ে যায়। ওই চিঠির সূত্র ধরেই ধারণা করা হচ্ছে তারা ওই অপহরণকারীরা পিপিএ সদস্য। তবে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করলেও ৪০ লাখ টাকা মুক্তিপণের বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। সোমবার বিকালে থানচি উপজেলার খিবুরিপাড়া এলাকা থেকে শহীদ সুমন ও মো. হানিফকে অপহরণ করা হয়। ডানিডার অর্থায়নে পরিচালিত স্থানীয় তিনটি এনজিও এর কার্যক্রম পরিদর্শনে যান শহীদ সুমনসহ স্থানীয় এনজিও ইকো-ডেভেলপমেন্ট, তৈমু ও হোপব্রিজ এর কর্মকর্তারা। স্থানীয় এনজিও কর্মী সুপল চাকমা ও অমর চাকমা জানান, প্রকল্প এলাকা থেকে ফেরার পথে ১০/১২ জনের একটি সশস্ত্র দল প্রতিনিধি দলের গতিরোধ করে এবং ডানিডার বিদেশি এক জন কর্মকর্তার নাম ধরে খুঁজতে থাকে। এরপর শহীদ সুমন এবং গাড়িচালক মো. হানিফকে অস্ত্রের মুখে তুলে ইঞ্জিনচালিত নৌকা যোগে নদী পথে চলে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফআই/এএল/জিএনএ/এমআই/১৫২৯ ঘ.