ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভালো কাজের স্বীকৃতি হিসেবে ১০ কর্মকর্তা-কর্মচারীকে আর্থিক পুরস্কার দেওয়ার প্রস্তাব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশন সচিব দেলোয়ার হোসেন তিন পরিচালক, দুই উপ-পরিচালক, এক সহকারী পরিচালকসহ ওই কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার দেওয়ার জন্য গত সোমবার কমিশনের কাছে একটি লিখিত প্রস্তাব দিয়েছেন। কমিশনের পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রস্তাবের একটি অনুলিপি হাতে পেয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি এই খবর জানাচ্ছেন।
ঢাকার বিশেষ জজ আদালতে গিয়াসউদ্দিন আল মামুনের ৩ বছরের কারাদণ্ড হওয়ার মামলাটির বাদি, সহকারী পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞাকে কাজের স্বীকৃতি হিসেবে ওই ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
একই মামলায় নোটিশ দেওয়া, মামলা দায়ের ও সাক্ষীদের আদালতে হাজির করতে বাদিকে সহায়তা করায় সহকারী পরিদর্শক মাহবুবুর রহমানকে দেয়া ১০ হাজার টাকার পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে।
কাফরুল থানার মামলায় বিশেষ আদালতে যে মামলায় আমানউল্লাহ আমানের ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছর কারাদণ্ড হয়েছে ওই মামলার বাদি উপ-পরিচালক জীবন কৃষ্ণ রায় ও অনুসন্ধানকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাহিদকে ৩০ হাজার টাকা করে পুরস্কার দেয়ার সুপারিশ করা হয়েছে।
আমান দম্পতির বিরুদ্ধে মামলাটির অনুসন্ধান প্রতিবেদন ও মামলার প্রাথমিক বিবরণী (এফআইআর) মূদ্রণকারী রফিকুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর, উচ্চমান সহকারী আব্দুল খালেক ও প্রসিকিউশন ইউনিটের সহকারী পরিদর্শক (ফিল্ড অফিসার) জাকির হোসেনকে ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া মামলার অনুসন্ধান, তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অবদান রাখায় পরিচালক ফকির ফিরোজ আহমেদ, নাসরীন আরা সুরাত আমিন ও জাকির হোসেনকে ১০ হাজার করে টাকা পুরস্কার দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২০১৩ ঘ.
bdnews24