মাথায় আঘাত পেয়ে বিডিনিউজের মারুফ হাসপাতালে
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মারুফ মল্লিক মাথায় গুরুতর আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি কয়েকদিন আগে এক দুর্ঘটনায় আহত হন। তখন তার ঠোঁটের নিচের অংশ কেটে গিয়েছিল। সোমবার রাজধানীর বেসরকারি ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে কাটা স্থানের সেলাই খোলার পর হঠাৎ চেতনা হারিয়ে তিনি সটান মেঝেতে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। তাকে ওই হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর এ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ্যাপোলে হাসাপাতালের নিউরো চিকিৎসক অধ্যাপক সৈয়দ সায়েদ আহমেদ জানান, মারুফের মাথার খুলির অনেকখানি ফেটে গেছে এবং ভেতরে বেশ কয়েকটি স্থানে ছোট ছোট আকারে রক্ত জমাট বেধেছে। এ অবস্থায় তার মাথায় অস্ত্রোপচার করার প্রয়োজন হতে পারে। এ ব্যাপারে বুধবার বিশেষজ্ঞ চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।
ল্যাব এইডের চিকিৎসকদের সূত্রে জানা যায়, ঠোঁটের সেলাই কাটার পর সাময়িক জ্ঞান হারানোর কারণে মারুফ মেঝেতে পড়ে যান। এরপর কিছুটা সুস্থ হয়ে তিনি হাসপাতাল ছেড়ে বাসার উদ্দেশে রওনা হলে পথে আবার অসুস্থ বোধ করেন এবং ল্যাবএইডে ফিরে আসেন। এখানে চিকিৎসাচলাকালীন তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাকে এ্যাপোলো হাসাপাতালে ভর্তি করা হয়।
