২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

SPECIALকৃতিত্ব চুরি করেছে পুলিশ

রেলওয়ে পুলিশের সহকারি উপপরিদর্শক আলমগীর ভূঞাঁ এক হাজারেরও বেশি মানুষের জীবন বাঁচানোর কৃতিত্ব দাবি করে রাষ্ট্রের অভিনন্দন পেয়েছেন, ফলাও প্রচার পেয়েছেন সংবাদমাধ্যমে। কিন্তু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের অনুসন্ধান বলছে, গত ১৭ জুন ঢাকামুখী নিয়ন্ত্রণহীন চট্টগ্রাম মেইল ট্রেন পুলিশ কর্মকর্তা থামাননি, থামিয়েছেন ট্রেনটির কর্তব্যরত গার্ড কোব্বাত আলী। ওই ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও আমাদের উদঘাটিত সত্যের প্রমাণ মিলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 10:34 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রেলওয়ে পুলিশের সহকারি উপপরিদর্শক আলমগীর ভূঞাঁ এক হাজারেরও বেশি মানুষের জীবন বাঁচানোর কৃতিত্ব দাবি করে রাষ্ট্রের অভিনন্দন পেয়েছেন, ফলাও প্রচার পেয়েছেন সংবাদমাধ্যমে। কিন্তু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের অনুসন্ধান বলছে, গত ১৭ জুন ঢাকামুখী নিয়ন্ত্রণহীন চট্টগ্রাম মেইল ট্রেন পুলিশ কর্মকর্তা থামাননি, থামিয়েছেন ট্রেনটির কর্তব্যরত গার্ড কোব্বাত আলী। ওই ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও আমাদের উদঘাটিত সত্যের প্রমাণ মিলেছে। রেলের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমি সচিব (যোগাযোগ) কে জানিয়ে দিয়েছি যে পুলিশের এএসআই ট্রেনটি থামাননি, থামিয়েছেন ট্রেনের গার্ড। এটি তদন্তে প্রমাণিত হয়েছে"। বিস্তারিত জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী। গত ১৭ জুন ১নং চট্টগ্রাম মেইল ট্রেনটির চালক বিষাক্ত খাদ্যদ্রব্য খেয়ে অচেতন হয়ে পড়েন এবং ঘোড়াশাল ফ্লাগ স্টেশনে থামার কথা থাকলেও না থেমে দ্রুত বেগে ট্রেনটি ঢাকার দিকে আসতে থাকে। পরের দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে পুলিশের বরাত দিয়ে ওই ট্রেনের নিরাপত্তা ইন-চার্জ এএসআই আলমগীর ভূঞাঁর সাহসী পদক্ষেপে মানুষের জান-মাল রক্ষা পেয়েছে --এমন সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়। আলমগীর ভূঞাঁকে এজন্য ধন্যবাদ জানানো হয় সরকারের উচ্চ পর্যায় থেকে। তদন্ত কমিটির ফলাফল সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হলে আলমগীর ভূঞাঁ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেলওয়ে কি তাদের কর্তব্যে অবহেলার কথা স্বীকার করবে ?" তিনি দাবি করেন, তিনিই হোস পাইপ খুলে দিয়ে ট্রেন থামিয়েছেন। রেলওয়ের তদন্ত কমিটির কাছে ১৯ জুন দেয়া জবানবন্দীতে আলমগীর ভূঞাঁ বলেন, ট্রেনটি নরসিংদী স্টেশন থেকে ছাড়ার পর থামার কথা ছিলো ঘোড়াশাল ফ্লাগ স্টেশনে। কিন্তু সেখানে না থেমে দ্রুতগতিতে চলতে থাকে। তখন তিনি ও তার সঙ্গীরা গার্ড ব্রেকের পিছনের বগিতে ছিলেন। চেইন টেনে ট্রেনটি না থামায় 'জীবনের ঝুঁকি' নিয়ে "ওই বগির সংযোগস্থলে গিয়ে অনেক কষ্টে হোস পাইপ চিহ্নিত করি।" তারপর গাড়ী ধীর গতিতে আড়িখোলা স্টেশনে থামে। কিন্তু রেলের বিভিন্ন শাখার তথ্য অনুসারে ট্রেনটির শেষ বগি থেকে হোস পাইপের সংযোগ স্থলে গিয়ে পাইপগুলো ফেলা 'অসম্ভব'। কারণ শেষ বগিটি ছিলো দ্বিতীয় মেইল শ্রেণীর। আন্তনগর বগির মত এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে যাওয়ার রাস্তা নেই এই শ্রেণীর বগিগুলোতে। আর হোস পাইপ থাকে দুই বগির সংযোগস্থলে। আন্ত:নগর বগির মত এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার ব্যবস্থা না থাকলে কোন মানুষের পক্ষে চলন্ত অবস্থায় বগির ভিতর থেকে হোস পাইপের সংযোগস্থলে যাওয়া অসম্ভব। অনুসন্ধানে দেখা গেছে, ট্রেনটিতে ইঞ্জিন বাদে মোট ১৫টি বগি ছিলো। ট্রেনের গার্ড ইঞ্জিনের দিক থেকে শুরু করে ১৪ নম্বর সিরিয়ালের বগিতে ছিলেন। গার্ড যেই কম্পার্টমেন্টে অবস্থান করেন সেই বগি 'গার্ড ব্রেক' বলে পরিচিত। জরুরি প্রয়োজনে গার্ডই একমাত্র ব্যক্তি যিনি ট্রেন থামাতে পারেন। গার্ড ব্রেকের পরের বগি ছিলো ৭৭৯ নম্বর বগি। আর এটি মেইল ট্রেনের বগি। দরজা বা জানালা ছাড়া এই বগি দিয়ে বের হওয়া যায় না, কারণ বগিটির দুই প্রান্ত স্টিল দিয়ে জোড়া লাগানো থাকে। আবার, জানালা বা দরজা দিয়ে হোস পাইপের সংযোগস্থলে যাওয়াও অসম্ভব। ইঞ্জিনের দিক থেকে শুরু করে ট্রেনের এক-দুই ক্রমানুসারে বগিগুলোর অবস্থান হলো: ২০৬১ (দ্বিতীয় শ্রেণী), ৪১৩ (দ্বিতীয় শ্রেণী), ৮৮২ (দ্বিতীয় শ্রেণী), ১৮১৩ (দ্বিতীয় শ্রেণী), ৩৫৩ (ডাকগাড়ী), ৯৭৩৩ (ইন্টারসিটি পাওয়ার কার), ৬০২২ (ইন্টারসিটি এসি-বার্থ), ২২৭ (১ম শ্রেণী), ১৯২ (১ম শ্রেণী), ২২২ (১ম শ্রেণী), ৩৯৪৩ (লাগেজ বহনকারী বগি, এখানে যাত্রী থাকেনা), ৪২৫৭ (গাড়ী বহনকারী বগি), ২৮৯৩ (গার্ড ব্রেক) এবং ৭৭৯ (২য় শ্রেণী মেইল)। জবানবন্দী অনুসারে এএসআই আলমগীর ভূঞাঁ ৭৭৯ বগিতে অবস্থান করছিলেন। আর এই বগি থেকে হোস পাইপের সংযোগস্থলে যাওয়া অসম্ভব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শুক্রবার রাতে সাক্ষাৎকারে আলমগীর ভূঞাঁ বলেন, তিনি গার্ড ব্রেকের পিছনে ছিলেন। আর গার্ড ব্রেকের পেছনে দুটো ইন্টারসিটি বগি ছিল। দুই ইন্টারসিটি বগির সংযোগস্থলে গিয়ে তিনি হোস পাইপ খুলেছেন। কিন্তু ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ার আগেই ১৬ জুন স্টেশন থেকে ট্রেনটির বগির ক্রমানুসারের রিপোর্ট (ডিআরএস) এবং ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌছার পর বগিগুলোর সিরিয়াল অনুসারে ইন্টারসিটির বগি দুটো ছিলো ছয় (৯৭৩৩-পাওয়ার কার) এবং সাত (৬০২২-এসি/বার্থ) নম্বরে। আলমগীর ভূঞাঁ এই প্রতিবেদকের সঙ্গে তার বাসায় দেয়া সাক্ষাৎকারে বলেন, ওই ট্রেনে আনুমানিক ১৯টি বগি ছিলো। আর ইন্টারসিটি বগি ছিলো ১৮ নম্বর সিরিয়ালে। তদন্ত কমিটির আহবায়ক রেলওয়ে ঢাকা ডিভিশনের ট্রাফিক অফিসার (ডিটিও) সরদার শাহাদত আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রেনে মোট বগি ছিলো ১৫টি, উনি ১৮ নম্বর সিরিয়ালে ইন্টারসিটি বগি পেলেন কোথায়? ইন্টারসিটি বগি দুটো ছিলো ছয় এবং সাত নম্বরে"। তদন্ত কমিটির আরেক সদস্য ঢাকা বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নূর আহাম্মদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, চলন্ত ট্রেন থেকে হোস পাইপের সংযোগস্থলে যাওয়া অসম্ভব ব্যাপার। তিনি বলেন, "আমি আলমগীর ভূঞাঁকে তদন্ত কমিটিতে বলেছি, আপনি যদি আরেকবার পরীক্ষামূলকভাবে দেখাতে পারেন কিভাবে হোস পাইপ খুলেছেন তাহলে আমি চাকরি ছেড়ে দেব। আলমগীর ভূঞাঁ আমার কথার উত্তর দিতে পারেনি।" পূর্বাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল ওয়াহাব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ড্রাইভার ছাড়া ট্রেন থামানোর একমাত্র কারিগরী ব্যবস্থা আছে গার্ডের হাতে। গার্ড ছাড়া অন্য কারো পক্ষে লাথি মেরে চলন্ত ট্রেনের হোস পাইপ খুলে ফেলা অসম্ভব। নূর আহাম্মদ বলেন, রোববার আখাউড়ার রেলওয়ে পুলিশের একজন ইন্সপেক্টর জামান বগিটি (৭৭৯) পরীক্ষা করেছেন এবং ওই বগি থেকে হোসপাইপের সংযোগস্থলে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। পুলিশ ইন্সপেক্টর এই প্রতিবেদকের উপস্থিতিতে রেলওয়ের কাগজপত্র পরীক্ষা করেন। তিনি সময় হলেই তার তদন্ত প্রতিবেদন পুলিশের কাছে জমা দেবেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসি/জিএনএ/১৬২২ ঘ.