ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আরও দুই দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।
২১ জুন অপর একটি মামলায় আদালত তাকে দুদিন রিমান্ডে পাঠিয়েছিল।
চাঁদাবাজি, ভাংচুর ও লুটতরাজের অভিযোগে দাউদকান্দির গোয়ালমারী গ্রামের মেহেদী হাসান বাবুর দায়ের করা মামলায় ড. মোশাররফকে মঙ্গলবার কুমিল্লা ২ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। ওই সময় পুলিশ ড. মোশাররফকে ১০ দিন রিমান্ডের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট আতাউল গণি দুই দিন রিমান্ডের নির্দেশ দেন।
ড. মোশাররফসহ ৩৯ জনকে আসামী করে গত ১২ মার্চ মামলাটি দায়ের করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়, চাঁদার দাবিতে ড. মোশাররফের নির্দেশে অপর আসামীরা গত ২০০১ সালের ৯ এপ্রিল দাউদকান্দির ব্যবসায়ী আবদুস সাত্তারের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে এবং নগদ ৯০ হাজার টাকা লুট করে।
ওই ঘটনায় আবদুস সাত্তারের আত্মীয় হিসেবে মেহেদী হাসান মামলাটি করেন।
ড. মোশারফের বিরুদ্ধে কুমিল্লায় মোট তিনটি মামলা বিচারধীন রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১২ ঘ.
bdnews24