যশোর, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষের টাকাসহ মনিরামপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুদ্দিন মুত্তাকীকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাকে মনিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকাল ৮টার দিকে পোস্ট অফিস পাড়ার বাসা থেকে ঘুষের দুই হাজার টাকাসহ তাকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে ৫০০ টাকার ৫০টি নোট এবং ১০০ টাকার ৪৪টি নোটও উদ্ধার করা হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোরকান সিকদার জানান, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারিকে বদলির বিনিময়ে কিছুদিন আগে ওই শিক্ষা কর্মকর্তা তার কাছ থেকে ২২ হাজার টাকা ঘুষ দাবি করেন। যার মধ্যে ১২ হাজার টাকা আব্দুল বারি ইতোমধ্যে দিয়েছেন। মঙ্গলবার বাকি টাকা দেওয়ার কথা। সকালে প্রধান শিক্ষক শিক্ষা কর্মকর্তার বাসায় দুই হাজার টাকা দিয়ে আসার পরপরই যৌথবাহিনী ওই কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে টাকাসহ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ওই প্রধান শিক্ষক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে ফোরকান শিকদার জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৩৯ ঘ.
bdnews24