ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিভাগীয় প্রধান বন কর্মকর্তা আলী কবির ও উপ-বন সংরক্ষক শামসুল আজমকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে যাত্রাবাড়ি ও সূত্রাপুর থানা পুলিশ।
সোমবার বিকেলে ঢাকার মহানগর হাকিম মোসাম্মৎ কামরুন্নাহার এই রিমান্ড মঞ্জুর করেন।
রোববার গ্রেপ্তার করা ওই দুই বন কর্মকর্তাকে সোমবার ঢাকার মহানগর মূখ্য হাকিম আদালতে হাজির করা হয়। শামসুল আজমের মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক এনায়েতুর রহমান এবং আলী কবির হায়দারের মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন আদালতের কাছে সাত দিনের রিমান্ড চান।
শামসুল আজমের রিমান্ড আবেদনে বলা হয়, ১৯৮৫ সাল থেকে তিনি চট্টগ্রাম, ময়মনসিংহ, সুন্দরবনসহ বিভিন্ন স্থানে কর্মরত অবস্থায় কাঠ পাচার করেছেন, পাচারকারী চক্রের কাছ থেকে ঘুষ নিয়েছেন, সরকারি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম করেছেন। এসব বিষয়ে তথ্য পাওয়ার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
আলী কবির হায়দরের রিমান্ড আবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে তার ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকসহ বিভিন্ন ব্যংকে হিসাব রয়েছে। এছাড়া তার বাসা থেকে ছয়টি মোবাইল ফোন, ১৪ ভরি সোনার গহনা ও দেশি-বিদেশি একাধিক পাসপোর্ট পাওয়া গেছে। তিনি প্রধান বন সংরক্ষক ওসমান গণির সঙ্গে যোগসাজশে দেশের বনজ সম্পদ ধ্বংস করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এছাড়া বেনামেও তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে জানা গেছে। এসব তথ্য উদ্ধারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
শুনানি শেষে হাকিম মোসাম্মৎ কামরুন্নাহার ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রোববার বিকেল তিনটার দিকে ঢাকা বিভাগীয় প্রধান বন কর্মকর্তা আলী কবির এবং উপ-বন সংরক্ষক শামসুল আজমকে মহাখালীর বন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের জরুরী ক্ষমতা অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/২০২৬ ঘ.
bdnews24