২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাধ্যমিক স্কুলগুলোতে ৯৫ ভাগ ভর্তির ক্ষেত্রে অনিয়ম : জরিপ

বরিশাল সদরের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে ৯৫ ভাগ শিক্ষার্থীর অভিভাবককে ঘুষ কিংবা প্রভাবশালীদের সাহায্য নিতে হয়। সরকারি বিদ্যালয়গুলোতে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত ফির বাইরে বছরে গড়ে ৩৪২ টাকা আদায় করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 10:23 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

বরিশাল, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল সদরের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে ৯৫ ভাগ শিক্ষার্থীর অভিভাবককে ঘুষ কিংবা প্রভাবশালীদের সাহায্য নিতে হয়। সরকারি বিদ্যালয়গুলোতে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত ফির বাইরে বছরে গড়ে ৩৪২ টাকা আদায় করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) 'রিপোর্ট কার্ড জরিপ-২০০৬' এ উঠে এসেছে এসব তথ্য। শনিবার সনাক এর সদর রোড কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টুর সভাপতিত্বে সিনিয়র সদস্য অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল এ জরিপের ফলাফল উপস্থাপন করেন। ছাত্রীদের মধ্যে উপবৃত্তির টাকা বণ্টনের ক্ষেত্রে নানা অনিয়মের কথাও জরিপের ফলাফলে উঠে এসেছে। অংশগ্রহণকারীরা বলেছেন, উপবৃত্তির টাকা তুলতে তাদেরকে মাথাপিছু গড়ে ৬৮ টাকা করে ঘুষ দিতে হয়। শিক্ষকরাই এ ঘুষ নিয়ে থাকেন। ৫১ ভাগ শিক্ষার্থী স্বীকার করেছেন, পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়ার আশায় তারা নিজের বিদ্যালয়ের শিক্ষকদের কাছে 'প্রাইভেট' পড়ছেন। 'প্রাইভেট' পড়ার জন্য প্রতিমাসে গড়ে ৪৪৬ টাকা শিক্ষকদের দিচ্ছেন তারা। আর মাধ্যমিক পরীক্ষার্থীরা এ খাতে খরচ করছেন গড়ে ৬৬১ টাকা। মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষকরা বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু গড়ে ১০৭৫ টাকা এবং বাণিজ্য ও মানবিক শাখার পরীক্ষার্থীদের কাছ থেকে ৭৫৫ টাকা করে অতিরিক্ত আদায় করছেন। শিক্ষাক্ষেত্রে এসব অনিয়ম দূর করতে টিআইবির পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এতে শিক্ষকদের বেতন কাঠামোতে পরিবর্তন, বিদ্যালয় পরিচালনা কমিটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং বেসরকারী বিদ্যালয়গুলোর নিয়ন্ত্রন একক প্রশাসনের অধীনে আনার পরামর্শ দেওয়া হয়েছে। টিআইব ও সনাক বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড এবং করপোরেশনের বাইরে ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে এই জরিপ চালায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬২৪ ঘ.