ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট ও চট্টগ্রামে শনিবার সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন।
আমাদের বাগেরহাট প্রতিনিধি অলীপ ঘটক জানান, মোল্লাহাটে বাগেরহাট-মাওয়া সড়কের মাঝেরগাওলা নামে স্থানে ভোর রাতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ভ্যান আরোহী তিন জন নিহত হন বলে নিশ্চিত করেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, নিহতরা ছিলেন চিংড়ির রেণু পোনা ব্যবসায়ী। তারা পোনা নিয়ে পটুয়াখালীর গলাচিপা থেকে বাগেরহাটের ফকিরহাট ফিরছিলেন। নিহত তিন জনের দুজন ঘটনাস্থলেই মারা যান, অন্যজনের মৃত্যু হয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।
তবে দুর্ঘটনায় আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের কাজী তারেক।
চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক রুহুল আমিন রানা জানান, সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি পৃথক দুর্ঘটনায় চার জন নিহত এবং চার জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের নাম তাজুল ইসলাম ও রনি।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক আবু জাররা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফৌজদারহাট এলাকায় একটি মালবাহী লরির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা উল্টে যায়। এতে অটো রিকশা আরোহী রনিসহ দুই জন ঘটনাস্থলে নিহত এবং চার জন আহত হন।
আহত মো. সুলতান, মো. শওকত, মো. জাহাঙ্গীর ও আব্দুল মান্নানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শীতলপুর এলাকায় একটি বালুর ট্রাক উল্টে তাজুল ইসলামসহ দুই জন ঘটনাস্থলেই মারা যান বলে জানান পুলিশ কর্মকর্তা আবু জাররা।
দুটি ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক নিবেদিতা দে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমআই/১৩৩২ ঘ.
bdnews24