শেরপুর, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাটা গ্রামে শুক্রবার গভীর রাতে বন্যহাতির আক্রমণে ফারুক সাংমা (৬) ও বিপুল সাংমা (৮) নামে দুই আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে।
শেরপুরের জেলা প্রশাসক সামছুন্নাহার বেগম ও পুলিশ সুপার কৃষ্ণপদ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৪৫, রাইফেলস ব্যাটালিয়নের সুবেদার মো. আব্দুল বাতেন জানান, শুক্রবার রাত দুইটার দিকে ২৫/৩০টি হাতির একটি পাল পানিহাটা গ্রামে ঢুকে আদিবাসী ইলিশ সাংমার মাটির ঘরটি গুঁড়িয়ে দেয়। ওই সময় ঘরে ঘুমন্ত দুই শিশু হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়।
হাতির পাল অনেক গাছপালাও তছনছ করে বলে বিডিআর কর্মকর্তা জানান। পরে স্থানীয় জনতা মশাল জ্বালিয়ে এবং টিন পিটিয়ে শব্দ করে হাতির পালকে তাড়ায়।
হাতির তাণ্ডবের পর শেরপুর সীমান্তের অন্য গ্রামেগুলোতেও আতঙ্ক দেখা দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24