ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট মৌসুমি নিম্নচাপের কারণে দেশের তিনটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০৬৫ কিলোমিটার দক্ষিণ--পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০১৫ কিলোমিটার দক্ষিণ--পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ--দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরোও জোরদার হয়ে উত্তর--পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নিম্নচাপটি প্রাথমিক পর্যায়ে আছে। এটি বাংলাদেশ ও ভারতের উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এটি আরও শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর মাঝারি ধরনের উত্তাল থাকতে পারে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু শক্তিশালী হয়েছে। এ কারণে বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র বন্দর তিনটিকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে অবস্থান করতে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২৩৫৭ ঘ.
bdnews24