ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মাসুদ পারভেজ ওরফে বিয়াই পারভেজকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পারভেজকে আদালতে হাজির করে তিনটি মামলায় সাত দিনের রিমান্ডে নিয়েছে কাফরুল থানা পুলিশ।
বুধবার গভীর রাতে কাফরুল থানা পুলিশের একটি দল বরিশালের গৌরনদী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অ্যাডভোকেট হারুনার রশীদ ও হাসানুজ্জামান নামের দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।
কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিয়াই পারভেজ রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের প্রধান সহযোগী। সে নিজেও একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।
রেজাউল করিম জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার পারভেজকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ খান তাকে তিনটি মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরমধ্যে কাফরুল থানার মঞ্জুর হত্যা মামলায় দুই দিন, সুমন হত্যা মামলায় তিন দিন এবং অস্ত্র আইনের একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গৌরনদীতে পুলিশের অভিযানের নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক আলী আহম্মেদ মাসুদ জানান, বিয়াই পারভেজ বর্তমানে কারাগারে আটক কিলার আব্বাসের সেকেন্ড--ইন কমান্ড। আব্বাস জেলে থাকায় পারভেজ নিজেই স্বতন্ত্র একটি দল তৈরির চেষ্টা করছিল।
তিনি জানান, পারভেজের নেতৃত্বে তার দলের সদস্যরা সমাজের অভিজাত শ্রেণীর মানুষের কাছ থেকে জমি বা বাড়ি কেনার সময় বিপুল অংকের চাঁদা আদায় করে আসছে। কেউ চাঁদা না দিলে পারভেজের দলের লোকেরা তার পায়ে গুলি করে।
পারভেজের দলের সদস্যরা চারটি দলে বিভক্ত হয়ে চাঁদা আদায় করে থাকে। প্রথম দলের সদস্যরা অভিজত ব্যাবসায়ী বা ধনীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। সাধারণত তারা নিজেদের ব্যাবসায়ী বা উকিল হিসেবে পরিচয় দেয়। এরাই ধনী ব্যাবসায়ীদের বাড়ি বা জমি কেনাবেচার খবর মূল দলকে দেয়।
দ্বিতীয় দলের সদস্যরা প্রথম দলের কাছ থেকে তথ্য পেয়ে চাঁদা দাবি করে। তৃতীয় দলটি চাঁদার টাকা সংগ্রহের দায়িত্বে থাকে। কেউ টাকা না দিলে চতুর্থ দলটি শিকারকে গুলি করে পালিয়ে যায়।
আলী আহম্মেদ মাসুদ জানান, গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট হারুন অর রশীদ ও ব্যাবসায়ী হাসানুজ্জামান কিলার আব্বাস গ্র"পের সক্রিয় সদস্য। দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২২৪৩ ঘ.
bdnews24