চাঁপাইনবাবগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়াসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহার আদালতে এ অভিযোগ গঠন হয়।
অভিযোগ গঠন শুনানির সময় শাহজাহান মিয়াসহ অপর দুই আসামী পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও বিএনপি কর্মী আইনাল হক আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।
২৩ এপ্রিল শিবগঞ্জ পৌর এলাকার পানাউল্লাহ সাবেক সাংসদসহ তিন জনের বিরুদ্ধে ৭৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন।
গত বুধবার শাহজাহান মিয়া অপর আসামীদের নিয়ে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় শিবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামীম কবীর হেলিমকে তিন দিন রিমান্ডে পাঠানো হয়েছে।
আদালত উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় অভিযুক্ত হেলিমকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ড চাওয়া হলে ম্যাজিস্ট্রেট কাজী এমদাদুল হক তিন রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
শিবগঞ্জের দাইপুকুরিয়ার মনিমুল হক গত ১৪ জুন মামলাটি করেন। এর একদিন আগেই শামীম কবীর হেলিমকে আদালত চত্বর থেকে যৌথবাহিনী গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫১ ঘ.
bdnews24