২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নাট্যমঞ্চে বোমা মামলায় ড. গালিবের বিরুদ্ধে অভিযোগ গঠন

বগুড়ার পল্লীতে নাট্যমঞ্চে বোমা হামলার মামলায় আহলে হাদিস আন্দোলনের আমির ড. আসাদুল্লাহ্ আল গালিবসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বগুড়া, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়ার পল্লীতে নাট্যমঞ্চে বোমা হামলার মামলায় আহলে হাদিস আন্দোলনের আমির ড. আসাদুল্লাহ্ আল গালিবসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। বগুড়া বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ খলিলুর রহমানের আদালতে বুধবার আসামীদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করা হয়। আগামী ১৭ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। অভিযুক্ত অপর তিন আসামী হলেন, জেএমবির বোমা স্কোয়াডের সদস্য নারায়ণগঞ্জের শফিকুল্লাহ,্ তার আশ্রয়দাতা বগুড়ার গাবতলী উপজেলার জয়নাল আবেদীন ও তার স্ত্রী মনোয়ারা বেগম। ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলা থেকে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৫ সালের ১৪ জানুয়ারি শাহাজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের মেলা চলাকালে নাট্যমঞ্চে বোমা হামলা হয়। এতে এক জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হন। ওই ঘটনার একদিনের মাথায় পুলিশ জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে শফিকুল্লাহকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে শফিকুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ড. গালিবকে তাদের গুরু হিসেবে উল্লেখ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২১০৩ ঘ.