মুন্সীগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গজারিয়া উপজেলার ভবের চরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন।
হতাহতের সবাই এক পরিবারের সদস্য।
ভবের চর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য জিল্লুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের সামনের চাকা বার্স্ট হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি সড়কের পাশের একটি গাছের ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে যায়। এতে মাইক্রোবাস আরোহী কাদির ভূঁইয়া, তার মেয়ে বেবি আক্তার ও বেবির মেয়ে নাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনায় আহত চালক ফেরদৌস, বেবির দুই সন্তান অপু ও সবুজ এবং বেবির ভাগ্নি সালমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ সদস্য জানান।
পরিবারটি কুমিল্লার হোমনা উপজেলার রামনগর গ্রামে যাচ্ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৭ ঘ.
bdnews24