সিরাজগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যমুনা সেতু পশ্চিম পাড়ের সংযোগ সড়কের কোনাবাড়ী এলাকায় বুধবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
আহত ২০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যমুনা সেতু (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু রওশন জানান, সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী মডার্ন এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
বাসচালক হানিফ আলী ও ট্রাকচালক হোসেন আলীসহ পাঁচ জন ঘটনাস্থলেই মারা যান বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে।
হানিফ আলীর বাড়ি ঢাকার সাভারে এবং হোসেন আলীর বাড়ি পাবনায় বলে জানা যায়। নিহত অপর পাঁচ জনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ঢাকার কেরানীগঞ্জের লতু মিয়া, শাহআলম ও আলাউদ্দীন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০১ ঘ.
bdnews24