ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কাউকে বাদ দিয়ে নয় দলের প্রয়োজনেই সংস্কার করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি।
বুধবার দুপুরে ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের আর এ গনি বলেন, "সংস্কার না করা হলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে। তবে মাইনাস টু থিউরি ইজ নো থিউরি।"
আর এ গনি আরও বলেন, "আমি পরিবারতন্ত্র বিশ্বাস করিনা। দলের নেতৃত্ব হবে কর্মীদের ভোটে। সংস্কার এখন সময়ের দাবী। অতীতে আমাদের অনেক ভূল হয়েছে। তা শোধরাতে দলের ভিতরে এখনই সংস্কার প্রয়োজন।
এর আগে সকাল ১১টায় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ড. আর এ গনির বাসায় আসেন এবং তার সঙ্গে সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানান গনি।
তবে আলোচনার বিষয় কি ছিল তা জানতে চাইলে তিনি কিছু জানাতে অস্বীকৃতি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24