২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীঘি ভরাটের মামলায় বরিশালে জেলা প্রশাসককে কারণ দর্শানোর নির্দেশ

নগরীর ঝাউতলায় বহুকাল পুরনো একটি দীঘি ভরাটের অভিযোগে বরিশাল জেলা প্রশাসককে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 07:31 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বরিশাল, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর ঝাউতলায় বহুকাল পুরনো একটি দীঘি ভরাটের অভিযোগে বরিশাল জেলা প্রশাসককে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। দীঘি ভরাট বন্ধে গত মঙ্গলবার ঝাউতলার ২২ ব্যক্তি আদালতে মামলা করার পরপরই সিনিয়র সহকারী জজ আলমাস হোসেন মৃধা এ নির্দেশ দেন। আদালত একইসঙ্গে ওই দীঘি ভরাটের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। মামলায় জেলা প্রশাসকের পাশাপাশি ওই দীঘির মালিকানার দাবিদার শিরিন আক্তারকেও আসামী করা হয়। তাকেও কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মোহম্মদ মঞ্জুর-ই-এলাহী জানান, তিনি এখনও কারণ দর্শানোর নোটিশ হাতে পাননি। মামলায় অভিযোগ করা হয়, ৩০ শতাংশ জমির ওপর শতবর্ষী ওই দীঘি বহুকাল ধরে এলাকার বাসিন্দারা ব্যবহার করে আসছে। এছাড়া প্রতি বছরই দুর্গাপূজা শেষে ওই দীঘিতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ফলে দীঘি ভরাটের ফলে স্থানীয় বাসিন্দারা অসুবিধার সম্মুখীন হবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৯ ঘ.