২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের

মালিবাগে মঙ্গলবারের জোড়া খুনের ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে। এ বিষয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 04:47 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মালিবাগে মঙ্গলবারের জোড়া খুনের ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে। এ বিষয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা শিহাবউদ্দীন জানান, নিহতদের নাম দেলোয়ার হোসেন রাজ (২৬) ও আশিক মোহাম্মদ ইব্রাহিম (২৪)। তিনি জানান, রাজ কুমিল্লার দেবীদ্বারে একটি মুদি দোকানের মালিক। তার বাবার নাম মীর হোসেন। তার বাবা-মা, ছোট বোন, স্ত্রী ও একমাত্র মেয়ে মালিবাগ বাজারের পাশে চান বেকারির গলিতে একটি বাসায় ভাড়া থাকেন। এ কারণে কুমিল্লায় ব্যাবসা থাকলেও মাসে কয়েকবার ঢাকায় আসতেন দেলোয়ার। অন্যদিকে আশিক বেশ কিছুদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন। তার বাবা রেজাউল করিম একজন ব্যাবসায়ী। আশিক তার বাবা-মায়ের সঙ্গে খিঁলগাওয়ের একটি বাসায় থাকতেন। শিহাবউদ্দীন জানান, নিহত দেলোয়ারের মা আম্বিয়া খাতুন মঙ্গলবার মতিঝিল থানায় এ বিষয়ে একটি মামলা করেছেন। আশিকের বাবা রেজাউল করিম মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফেরেনি আশিক। পরে খবর পেয়ে মর্গে গিয়ে তার লাশ শনাক্ত করেছি।" কে বা কারা কেন তার ছেলেকে খুন করেছে সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি রেজাউল করিম। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জিল্লুর রহমান বলেন, "হত্যাকাণ্ডের বিষয়ে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। আম্বিয়া খাতুন যে মামলা করেছেন তাতে নির্দিষ্ট কোনো আসামির নাম নেই।" জিল্লুর রহমান আরো জানান, নিহতদের নামে থানায় কোনো অভিযোগ ছিল কিনা বা তারা নেশাগ্রস্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/২১২১ ঘ.