২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক কমার পরও দাম বাড়ায় একশ্রেণীর ব্যবসায়ী দায়ী: অর্থ উপদেষ্টা

নতুন অর্থ বছরের বাজেটে বিভিন্ন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করার পরও এগুলোর দাম বেড়ে যাওয়ায় এক শ্রেণীর ব্যবসায়ীদের দায়ী করেছেন অর্থ উপদেষ্টা এবি মো. মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের কাছে অনৈতিকভাবে দাম বাড়ার এই প্রবণতার কারণ জানতে চেয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় উপদেষ্টা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থ বছরের বাজেটে বিভিন্ন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করার পরও এগুলোর দাম বেড়ে যাওয়ায় এক শ্রেণীর ব্যবসায়ীদের দায়ী করেছেন অর্থ উপদেষ্টা এবি মো. মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের কাছে অনৈতিকভাবে দাম বাড়ার এই প্রবণতার কারণ জানতে চেয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় উপদেষ্টা এ কথা বলেন। এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্র্ডের চেয়ারম্যান বদিউর রহমানও এতে বক্তব্য রাখেন। উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "কিছু কিছু পণ্যের শুল্ক প্রত্যাহারের পরও দাম বেড়ে যাওয়ার কারণে বাজার নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ রাইফেলসকে দায়িত্ব দিতে হয়েছে।" বর্তমানে বিডিআর সদস্যদের হস্তক্ষেপেই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রস্তাবিত বাজেটে ভোজ্য তেল, ডালসহ বিভিন্ন খাদ্য দ্রব্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের কথা বলা হয়েছে। উপদেষ্টা আশা প্রকাশ করেন, শিগগিরই এগুলোর দাম কমে আসবে। ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বাজেটের ভালো ও মন্দ দিক তুলে ধরেন। তবে বেশিরভাগ ব্যবসায়ী বলেন, কাঁচামাল ও যন্ত্রপাতির ওপর শুল্ক আরোপের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। বাজেট সম্পর্কে উপদেষ্টা বলেন, "এটি একটি করবান্ধব ও উদার বাজেট, যা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।" তিনি বলেন, "মৃত্যুর মতো করও একটি চিরন্তন সত্য। তবে আমাদের দেশে কর আদায় পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই হার সর্বনিম্ন পর্যায়ে।" বিদায়ী অর্থ বছরে বাংলাদেশে কর আদায়ের পরিমাণ মোট জাতীয় আয়ের ১০ দশমিক ৪ শতাংশ। আমদানি শুল্ক কমানোর বিষয়ে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন, "আমদানি শুল্ক বাড়ার কারণে কোনো কোনো সময় ভোক্তারা সমস্যায় পড়েন। তবে মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে আমাদিন শুল্ক ৫ থেকে ১০ শতাংশ বাড়ানো হলেও তেমন কোনো প্রভাব পড়বে না, কেননা এসব যন্ত্রের আয়ুষ্কাল প্রায় দশ বছর। সময়ের বিষয়টি হিসাবে আনলে শুল্ক বাড়বে মাত্র এক শতাংশ।" উপদেষ্টা বলেন, "অনির্দিষ্টকাল আমদানি ভর্তুকি দিয়ে যেতে হলে তা একটি দেশের শিল্পখাতের জন্য কখনোই ইতিবাচক হতে পারে না। তাছাড়া আমরা এ বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে দায়বদ্ধ।" তিনি এফবিসিসিআই প্রতিনিধিদের বলেন, "কোনো বাজেটই জনগণের সম্পূর্ণ প্রত্যাশা পূরণ করতে পারে না। তবে আমরা বাজেট পাশ করার আগে এতে ভারসাম্য আনার চেষ্টা করব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এএল/জেকে/এমএইচবি/১৯০৮ ঘ.