টাঙ্গাইল, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল সড়কের মির্জাপুরে মঙ্গলবার একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি বাস খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন ৩০ বাসযাত্রী। নিহতদের পরিচয় জানা যায়নি।
গোড়াইয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক তরিকুল ইসলাম জানান, উপজেলার ধেরুয়া লেভেল ক্রসিংয়ে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী সিল্কসিটি এক্সপ্রেস জামালপুরগামী বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে যায়।
তিনি জানান, এক বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকি তিন জন মারা যান মির্জাপুর কুমুদিনী হাসপাতালে। আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কা জনক।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, ট্রেন যাওয়ার সময় ক্রসিংয়ের গেটটি বন্ধ করা হয়নি।
এদিকে দুর্ঘটনার পর থেকে ওই লেভেল ক্রসিংয়ের গেটম্যান আবদুস সাত্তার পলাতক রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৩ ঘ.
bdnews24