ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য নেয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে ৮ জেএমবি সদস্যের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার বিচার কাজ।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ মামলার সাক্ষ্য নিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা জজ ও দেউলিয়া বিষয়ক আদালতের বিচারক গোলাম মুরশেদ।
২০০৫ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা জেলার ধামরাই থানায় দায়ের করা এ মামলার আসামীরা হলো - রফিকুল ইসলাম সেন্টু, মো. ওয়াহাব, মো. ইয়াকুব আলী, মো. ফারুক হোসেন, নূরুল ইসলাম, আনোয়োর হোসেন, মো. ওয়াহিদুজামান পিন্টু ও মো. আবদুস সালাম।
৮ আসামীর মধ্যে শুধু রফিকুল ইসলাম সেন্টু এখন হাজতে, বাকিরা পলাতক।
মামলার এজাহারে জানা যায়, ২০০৫ সালের ২১ ফেব্র"য়ারি গভীর রাতে ধামরাই থানায় উপ --- পরিদর্শক রুহুল আমিন ফোর্সসহ ঢাকা আরিচা মহাসড়কে দায়িত্ব পালন করার সময় জয়পুরা জোড়া রাস্তার কাছে কয়েকজন লোক দেখতে পান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ৬ জনকে ধরে ফেলে। দুজন পালিয়ে যায়।
ধরা পড়া ৬ জনের কাছ থেকে অনেকগুলো মুখোশ, ভাঙ্গা কাঁচের টুকরো, রাসায়নিক ও দাহ্য পদার্থের সাঙ্কেতিক নাম লেখা ডায়েরি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা নিজেদের জেএমবি সদস্য বলে পরিচয় দেয়। প্রথমে ধামরাই থানায় তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে তাদের মধ্যে ৫ জন জামিন নিয়ে পালিয়ে যায়।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাষ্ট্রদ্রোহির অভিযোগে সুনির্দিষ্ট ধারায় ১১ সেপ্টেম্বরে একই থানায় ২১ ফেব্র"য়ারি ধরা পড়া ৬ জন আর পালিয়ে যাওয়া ২ জনসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেন উপ --- পরিদর্শক মো. জেহাদ হোসেন।
গত ২৮ জানুয়ারি এই আদালতে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে সরকারের প্রতি জনগণের মনে ঘৃণা, অবজ্ঞা সৃষ্টির চেষ্টার জন্য রাষ্টদ্রোহিতার অভিযোগ আনা হয়। রাষ্ট্রপক্ষে মঙ্গলবার দুই জনের সাক্ষ্য নেয়ায় সহায়তা করেন এপিপি আনোয়ারুল কবীর বাবুল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ পিবি/এসি/১৫৪৩ ঘ.
bdnews24