২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সবকটি নদীর পানি বিপৎসীমার ওপরে

সিলেটের সবকটি নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 07:31 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

সিলেট, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সিলেটের সবকটি নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টায় সুরমা নদী সিলেট পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার, কানাইঘাটে ১৭৩ সেন্টিমিটার এবং সুনামগঞ্জে ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী শেওলা পয়েন্টে ৮৬ সেন্টিমিটার এবং আলমসীতে ১৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল আলম জানান, নদীর পানি ভায়াবহভাবে বাড়ছে। তবে কোথাও বাঁধ না ভাঙলেও অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কানাইঘাট উপজেলা সদরের বাজার পানিতে তলিয়ে গেছে। উপজেলার সবকটি ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নয়টি ইউনিয়নের ছয় হাজার হেক্টর জমির রোপা আউশ, দেড় হাজার হেক্টর বোনা আমন ও তিনশ হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফায়েল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "বিভিন্ন বাঁধ উপচিয়ে পানি ঢুকছে। বৃষ্টি না থামলে বন্যা ভয়াবহ আকার নিতে পারে। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।" জৈন্তাপুর উপজেলার তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন থেকে সোমবার নগদ ১০ হাজার টাকা, তিন টন চাল বিতরণ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী বলেন, এটি প্রাথমিক পর্যায়ের বন্যা। আতঙ্কিত হওয়ার কিছু নেই। গোয়াইনঘাটের ৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন তিনটন চাল এবং ২৮ হাজার টাকা বিতরণ করেছে। আরও ২০ টন চাল এবং ৫০ হাজার টাকা বরাদ্ধ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী নিজেকে গোয়াইনঘাটের দাত্বিপ্রাপ্ত জানিয়ে বলেছেন, গোয়াইনঘাটের অবস্থা কিছুটা খারাপ। পানি আরও দুই ফুট বাড়লে আবস্থা ভয়াবহ হতে পারে। গোয়াইনঘাটের সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোম্পানিগঞ্জ উপজেলা সদরে পানি উঠেছে। পাঁচটি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। সিলেট সদরের তিনটি, গোলাপগঞ্জের দুইটি, বিশ্বনাথের একটি এবং বালাগঞ্জের সদর ইউনয়নে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোসাব্বির চৌধুরী বলেন, সিলেটের পাঁচটি উপজেলায় বন্যার মতো পরিস্থিতি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১১৪ ঘ.