ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বর্ষা আসার পর গত কয়েকদিন ধরেই সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। কোথাও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কোথাও চলছে ভারি বর্ষণ। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হবে, তবে সোমবার থেকে পরিমাণে কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার রোববার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলেও সোমবার থেকে পরিমাণে কমে আসতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবগুলো বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ শাহজাহান আলম সন্ধ্যায় বিডিনিউজকে বলেন, বৃষ্টি আরো দুই-তিন দিন কমবেশি চলবে। ২০/২২ জুন থেকে আবার জোরেসোরে বৃষ্টি নামতে পারে।
তিনি জানান, রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৪৯, শ্রীমঙ্গলে ৭২, ফেনীতে ১৩, কুমিল্লায় ১২, ঢাকায় ১৯, ময়মনসিংহে ৫১, ভোলায় ১৬, বরিশালে ৩০, যশোরে ৬৫ ও সাতক্ষীরায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২৩০৬ ঘ.
bdnews24