২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত বিচার আদালতে মঞ্জুরুল ইমাম ও বেলাল হত্যা মামলার শুনানি ২৫ জুন

আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম ও সাংবাদিক বেলাল হত্যা মামলা চাঞ্চল্যকর মামলা হিসেবে রোববার দ্রুত বিচার আদালতে স্থানান্তর হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঞ্চল্যকর মামলার তালিকায় অন্তর্ভুক্ত করে মামলা দুটি দ্রুত বিচার আদালতে পাঠানোর আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

খুলনা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম ও সাংবাদিক বেলাল হত্যা মামলা চাঞ্চল্যকর মামলা হিসেবে রোববার দ্রুত বিচার আদালতে স্থানান্তর হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঞ্চল্যকর মামলার তালিকায় অন্তর্ভুক্ত করে মামলা দুটি দ্রুত বিচার আদালতে পাঠানোর আদেশ দেয়। রোববার খুলনা দ্রুত বিচার আদালতের বিচারক মো. আব্দুস সালাম মামলা দুটি আমলে এনে ২৫ জুন শুনানির তারিখ ধার্য করেছেন। ২০০৩ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম বাসা থেকে রিক্সাযোগে আদালতে যাওয়ার পথে বোমা হামলায় নিহত হন। ওই সময় তার সঙ্গী এ্যাডভোকেট বিজন বিহারী মণ্ডল ও রিক্সাচালক সাইদুল ইসলাম আকনও নিহত হন। ঘটনার রাতেই মঞ্জুরুল ইমামের বড় ছেলে আব্দুল্লাহ হারুন রুমি খুলনা থানায় মামলা করেন। প্রথমে সদর থানা পুলিশ এবং পরে কেএমপি গোয়েন্দা বিভাগ মামলার তদন্ত করে। সাত মাস তদন্তের পর চার ভাড়াটে খুনীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে খুনিদের কে ভাড়া করেছিল সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। অপর দিকে ২০০৫ সালের ৫ ফেব্র"য়ারি রাতে খুলনা প্রেস ক্লাব চত্বরে বোমা হামলায় আহত হন দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিন। ১১ ফেব্র"য়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১২ ফেব্র"য়ারি খুলনা থানায় হত্যা মামলা করে। একই বছরের ১৭ নভেম্বর সাবেক শিবির নেতা সাহাবুদ্দিন ধীরাসহ ছয়জনকে আসামী করে পুলিশ অভিযোগপত্র দেয়। ২০০৬ সালের ২৯ জুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার অভিযোগ গঠন হয়। ওই বছরের ২৩ আগস্ট ধীরার আবেদনের প্রেক্ষিতে এ মামলার বিচার প্রক্রিয়ার ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১২১ ঘ.