২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর ও নরসিংদীতে ডাকাতি, আহত ৭

দিনাজপুর এবং নরসিংদীর বিভিন্ন স্থানে শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন সাত জন। দিনাজপুরের বিরল উপজেলায় একটি বাজারে হানা দিয়ে ৪২ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাত দল। অন্যদিকে নরসিংদীতে ডাকাতি হয়েছে তিনটি বাড়িতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দিনাজপুর এবং নরসিংদীর বিভিন্ন স্থানে শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন সাত জন। দিনাজপুরের বিরল উপজেলায় একটি বাজারে হানা দিয়ে ৪২ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাত দল। অন্যদিকে নরসিংদীতে ডাকাতি হয়েছে তিনটি বাড়িতে। আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, চৌরঙ্গী বাজারে শনিবার রাতে দুটি স্বর্ণের দোকানসহ পাঁচটি দোকানে হানা দিয়ে ৪২ ভরি স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ ৮৬ হাজার টাকা লুট করে ডাকাত দল। ডাকাতদের হামলায় আহত হন তিন জন। গুরুতর আহত একজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডাকাতির সময় আব্দুল আজিজ নামে এক কর্মচারী পালিয়ে গেলেও ওই সংবাদ কাউকে জানায়নি। তাই তাকে সন্দেহজনক হিসাবে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতির ঘটনায় আলোমনি জুয়েলারির মালিক আলমগীর বিরল থানায় একটি মামলা করেছেন। এদিকে একই রাতে চিরিরবন্দর উপজেলার উচিৎপুরে রাস্তায় অবরোধ দিয়ে ডাকাত দল নাবিল পরিবহনের যাত্রীদের মোবাইল এবং স্বার্ণালংকারসহ এক লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের হামলায় আহত হন তিন যাত্রী। এর মধ্যে মানিক নামের এক জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি জানান, সদর উপজেলার মাধবদী পৌরসভার বিরামপুর, কোতালিরচর ও ছোট মাধবদীতে শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা সাড়ে তিনলাখ টাকার মালামাল লুট করে। ডাকাতদের অস্ত্রের আঘাতে চার জনকে আহত হয়েছেন। আহতদেরকে মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতের পিটুনিতে আহত হন বিরামপুর মহল্লার ব্যবসায়ী শাজাহান মিয়া (৪৫) ও তার স্ত্রী নাসিমা বেগম (৩৮)। শাহাজাহান মিয়ার বাড়িতে লুটপাট শেষে ডাকাত দল হানা দেয় পার্শ্ববর্তী কোতালির মহল্লার নুরুজ্জামান খলিফার বাড়িতে। সেখানে ২০ হাজার টাকার মালামাল লুট এবং নুরুজ্জামান (৪০) ও তার ভাই কামরুজ্জামানকে (৩৮) পিটিয়ে আহত করে তারা। পৃথক ঘটনায় ছোট মাধবদী মহল্লায় রাত ৪টার দিকে কাপড় ব্যবসায়ী ইদ্রিস আলীর বাড়ি থেকে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়চোপড়সহ ২৫/৩০ হাজার টাকার মালামাল লুট করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হালিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মাধবদী ফাঁড়ির ইনচার্জ উপ--পরিদর্শক রিফাত খান রাজিব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০৩৪ ঘ.