ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোর ও সিলেটে রোববার অস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যশোরে একটি অস্ত্র ও গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করে র্যাব। অপরদিকে সিলেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই জন গ্রেপ্তার হয় পুলিশের হাতে।
আমাদের যশোর প্রতিনিধি জানান, রোববার শার্শা সীমান্ত এলাকার কন্যাদহ গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী আয়নালের দুই সহোদর জদ্দিন ও ইউনুস আলীকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শার্শা থানার ওসি আজিমুল হক সরকার জানান, গ্রেপ্তারকৃতরা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার সাত মাইল গ্রাম থেকে তরিকুল ইসলাম নামে অপর এক অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়।
সিলেট প্রতিনিধি জানান, নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রোববার দুপুরে আদনান হোসেন ও রোকন আহমদ নামে দুই যুবককে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।
তারা পিডিবি কার্যালয়ের সামনে বসে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানায়।
সিলেট সিআইডি পুলিশের পরিদর্শক জুবায়ের আহমদ জানান, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া দুই যুবক ছিনতাইয়ের প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24